বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যের
ছবি: সংগৃহীত
০৯:৫২ পিএম | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাতপরিচয় একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৭টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ জেলার বড় ডুমরাসুর এলাকার সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকার দোহার থানার শাইনপুকুর তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পূজার ছুটিতে কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন হিটলার বিশ্বাস। পথে ভাঙ্গার বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাতপরিচয় বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ বলেন, অজ্ঞাতপরিচয় বাসের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় হিটলার বিশ্বাস নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বাসটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এমআই/টিএ