© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকার পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্র মেরামতের জন্য রক্ত দিয়েছি: হুইপ নিজান

শেয়ার করুন:
সরকার পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্র মেরামতের জন্য রক্ত দিয়েছি: হুইপ নিজান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৭ এএম | ১৭ অক্টোবর, ২০২৬
'একটি সরকার আসবে, আরেকটি সরকার যাবে এজন্য বুকের রক্ত দিইনি। রক্ত দিয়েছি রাষ্ট্র মেরামতের জন্য' এমন মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দীন নিজান।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার শ্রী শ্রী মহাজন বাড়ি সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবিএম আশরাফ উদ্দীন নিজান বলেন, রাষ্ট্রের যেসব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, যেগুলোতে ঘুণে ধরেছে, সেসব প্রতিষ্ঠান পুনর্গঠন করতে হবে। এই স্বপ্ন নিয়েই আমাদের ছেলেমেয়েরা জীবন দিয়েছে, বুকের রক্ত দিয়েছে।

তিনি আরও বলেন, ৫৪ বছর আগে আমরা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীনতা অর্জন করেছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ গরিব, বড়লোক ও ধনী-সবাই যেন সমানভাবে বসবাস করতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছি। যুদ্ধে আমরা স্বাধীন হয়েছি, আক্ষরিক অর্থে মুক্তি পেয়েছি। কিন্তু প্রকৃত অর্থে আমাদের স্বাধীনতা এখনো পূর্ণতা পায়নি, বৈষম্যও দূর হয়নি।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে জাতীয় সংসদের এই হুইপ বলেন, ২০২৪ সালে বাংলাদেশের মা-বোন ও ছেলেরা বুকের রক্ত দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছেন, শুধু সরকার পরিবর্তন করলেই হবে না। একটি সরকার আসবে, আরেকটি সরকার যাবে এজন্য তাঁরা রক্ত দেননি। তাঁরা রক্ত দিয়েছেন রাষ্ট্র মেরামতের জন্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, শ্রী শ্রী মহাজন বাড়ি সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি শিবু প্রসাদ দাসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

কেএন/এসএন


মন্তব্য করুন