© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ফিলিস্তিনিদের জলপাই চুরি করতে পারবে ইহুদিরা’, বৈধতা দিলেন ইসরায়েলি ধর্মীয় নেতা

শেয়ার করুন:
‘ফিলিস্তিনিদের জলপাই চুরি করতে পারবে ইহুদিরা’, বৈধতা দিলেন ইসরায়েলি ধর্মীয় নেতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩০ পিএম | ১৭ অক্টোবর, ২০২৬
ইসরায়েলের একজন প্রভাবশালী ইহুদি ধর্মীয় নেতা ফিলিস্তিনিদের জলপাই চুরি করে তাদের জমির মালিকানা দাবি করার পক্ষে ধর্মীয় রায় দিয়েছেন। রাবি ডভ লিওর নামের ওই নেতা শুক্রবার একটি ইহুদি ধর্মীয় বিধান জারি করেন। এতে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জলপাইবাগান থেকে জলপাই চুরি করার অনুমতি দেয়া হয়।

লিওরের ওই বিধানে দাবি করা হয়েছে, ইসরায়েলি বিধিনিষেধের কারণে জলপাই সংগ্রহের মৌসুমে যেসব ফিলিস্তিনি জমির মালিক তাদের জলপাই সংগ্রহ করতে পারেননি, যেসব বছর তারা ফল সংগ্রহের সুযোগ পেয়েছিলেন, সেসব বছরেই তারা যথেষ্ট ক্ষতিপূরণ পেয়েছেন।

বিধান অনুযায়ী, ফিলিস্তিনিদের জমির মালিকানা নিজেদের বলে দাবি করার উদ্দেশ্যে ইহুদিদের এসব জলপাই সংগ্রহ করার অনুমতি রয়েছে।

১৯৩৩ সালে পোল্যান্ডে জন্ম নেয়া লিওর ফিলিস্তিনিদের খামার থেকে জলপাই চুরিকে ‘অতিরিক্ত একটি পুণ্যকর্ম’ হিসেবে আখ্যা দিয়েছেন। এদিকে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংস হামলা ও ইসরায়েলি দখলদারত্ব অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, বসতি স্থাপনকারীদের উচিত ইহুদি সম্প্রদায় থেকে দূরের জমি ‘জয় করা’, যাতে প্রকাশ্যে ‘আমাদের মালিকানা প্রদর্শন’ করা যায় এবং বাইবেলের নির্দেশনা অনুসরণ করা যায়।

রায়ে আরও বলা হয়েছে, ‘ইহুদি জনগণ কখনোই ইসরায়েল ভূমির ওপর তাদের দাবি ছেড়ে দেয়নি, যেমনটি আমরা প্রতিদিন আমাদের প্রার্থনায় প্রকাশ করি। আরবরা ইহুদি জনগণের কাছ থেকে বা কোনো ইহুদির কাছ থেকে কখনো এই জমি কেনেনি। তাই তাদের হাতে থাকা জমি চুরি করা জমি… তারা কোনোভাবেই এটি কেনেনি এবং জমিটি ইহুদি জনগণের মালিকানায় রয়ে গেছে।’

রায়টি এমন এক সময়ে এসেছে, যখন জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনি কৃষকদের ওপর বসতি স্থাপনকারীদের আরেক দফা সহিংস হামলা চলছে। শুক্রবার পশ্চিম তীরজুড়ে ফসল সংগ্রহের সময় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীদের ৩৪টি হামলায় অন্তত ১৯ জন আহত হয়েছেন।

এ দিকে দৈনন্দিন সহিংসতার খবর সংগ্রহের সময় দ্য ওয়াশিংটন পোস্টের হয়ে কাজ করা এক মার্কিন ফটোসাংবাদিক বসতি স্থাপনকারীদের হামলার শিকার হয়েছেন। এ ছাড়া পাঁচটি গাড়িতে আগুন দেয়া হয়েছে।

ইসরায়েলি বিধিনিষেধ এবং বসতি স্থাপনকারীদের হামলার ঝুঁকির কারণে অনেক ফিলিস্তিনি কৃষক তাদের ফসলের কাছে যেতে পারছেন না।

বসতি স্থাপনকারীদের এ ধরনের সহিংস হামলা নতুন কিছু নয়। তবে ইসরায়েলের নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এসব হামলার ঘটনা ঘটছে। বসতি স্থাপনকারী ও তাদের সমর্থকদের সমর্থন পেতে কট্টর ডানপন্থী দলগুলোর তৎপরতা চলছে।

সূত্র: আল জাজিরা

এমআই/টিএ

মন্তব্য করুন