© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেইক আইডিতে গুজব ছড়িয়ে সরকারের পতন ঘটানো যাবে না: নুরুল হক নুর

শেয়ার করুন:
ফেইক আইডিতে গুজব ছড়িয়ে সরকারের পতন ঘটানো যাবে না: নুরুল হক নুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪১ পিএম | ১৭ অক্টোবর, ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচার ও গুজব ছড়িয়ে সরকারের পতন ঘটানো যাবে না বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেন, ‘এই সরকার পাঁচ বছরের জন্য এসেছে, নির্ধারিত সময় পূর্ণ করেই যাবে।’

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা শেষে প্রতিমন্ত্রী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

নুরুল হক নুর বলেন, বর্তমান সরকার সাত মাস ধরে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা যথাযথ মর্যাদায় উদ্‌যাপনের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি জানান, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন এবং বিশেষ নিরাপত্তা টহলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পূজামণ্ডপগুলোর জন্য আর্থিক সহায়তার অংশ হিসেবে ৬০০ কেজি করে চাল বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীকে সব বিষয়ে আলাদাভাবে বলতে হয় না; তিনি জনগণের মনের কথা বোঝেন। সরকার দেশ ও জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে কুৎসা রটিয়ে কোনো ফায়দা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি। তবে দলীয় সরকারের প্রতিনিধি নির্বাচিত হলে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে শতভাগ কাজ করে সফলতা অর্জন করা সম্ভব। সময় এলে বিএনপি ও গণঅধিকার পরিষয়ের সমন্বয়ে প্রতিনিধি নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, ঢাকা মহানগর গণঅধিকার পরিষদের উত্তর শাখার সহসভাপতি মিজানুর রহমান, জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি কালাম পঞ্চাইত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ আকন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম খান ও যুব অধিকার পরিষদের সভাপতি ইমরান শাহিনসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ বছর দশমিনা উপজেলায় ১৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। সভা শেষে প্রতিমন্ত্রী উপজেলার সদর এলাকার নলখোলা শ্রীশ্রী কালীমন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এমআর/টিএ  

মন্তব্য করুন