মন্দিরে পূজা, মসজিদে আজান, সম্প্রীতির এই বাংলাদেশকে ভালোবাসি : ডিআইজি
ছবি: সংগৃহীত
০৭:২০ এএম | ১৮ অক্টোবর, ২০২৬
ঠাকুরগাঁওয়ের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ। শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন এবং তাদের মতামত ও সমস্যার কথা শোনেন।
পরিদর্শন শেষে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, রংপুর বিভাগের সব পূজামণ্ডপের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, কোনো পূজামণ্ডপে যাতে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলেও তাদের আইনের আওতায় আনা হবে।
ডিআইজি আরও বলেন, নারী-পুরুষ নির্বিশেষে সবাই যাতে নির্বিঘ্নে পূজা উদ্যাপন করতে পারেন, সেজন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও ঝুকিপূর্ণ পরিস্থিতি দেখা যায়নি বলেও জানান তিনি।
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলিমসহ অন্যান্য ধর্মের মানুষও পূজা উদ্যাপনে সহযোগিতা করছেন। গণমাধ্যমকর্মীরাও এ ক্ষেত্রে সহযোগিতা করছেন।
তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে দেখেছি, একই সময়ে মন্দিরে পূজা চলছে, আবার মসজিদে আজান দিয়ে নামাজ আদায় করা হচ্ছে। সবাই সবাইকে সহযোগিতা করছেন। এই মনোভাব নিয়েই আমরা দেশকে ভালোবেসে যাব।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) মো. বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী এবং ট্রাফিক শাখার পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. হাসান আসকরীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁওয়ে এ বছর মোট ৪৭৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১২৭টি, পীরগঞ্জে ১২০টি, বালিয়াডাঙ্গীতে ৬৩টি, রানীশংকৈলে ৫৫টি, হরিপুরে ২০টি, রুহিয়ায় ২৮টি এবং ভুল্লীতে ৬৪টি মণ্ডপ রয়েছে।
আইআর/টিএ