বিদ্যালয়ের অফিসকক্ষে ধস্তাধস্তি করা সেই শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি
ছবি: সংগৃহীত
০৮:১২ পিএম | ১৮ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে ধস্তাধস্তিতে জড়ানো শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি করা হয়েছে। প্রথমে সহকারী শিক্ষককে বদলি করা হয়। এবার বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও বদলির আদেশ দেওয়া হয়েছে। এতে একই বিদ্যালয়ে কর্মরত এই দম্পতির কর্মস্থল আলাদা হয়ে গেল।
বদলির আদেশ অনুযায়ী, সহকারী শিক্ষক আছমা খাতুনকে উপজেলার দক্ষিণ প্রান্তের কাহালগাঁও দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং তার স্বামী প্রধান শিক্ষক আফজাল হোসেনকে উত্তরের বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার প্রধান শিক্ষককে বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার প্রধান শিক্ষকের স্ত্রী ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছমা খাতুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে তাকে কাহালগাঁও দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
গত ৫ অক্টোবর ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে শিক্ষক দম্পতির ধস্তাধস্তি ও মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহা. ইকবাল হোসেন ঘটনাটি তদন্ত করেন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক আছমা খাতুনের মধ্যে প্রায় এক যুগ ধরে পারিবারিক বিরোধ চলছিল। একপর্যায়ে সেই বিরোধের প্রভাব পড়ে বিদ্যালয়ের কক্ষে। তারা মাঝেমধ্যে বিদ্যালয়ে প্রকাশ্যে ঝগড়ায় জড়িয়ে পড়তেন বলে অভিযোগ রয়েছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহা. ইকবাল হোসেন বলেন, আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এর আগে সহকারী শিক্ষক আছমা খাতুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে তাকেও কাহালগাঁও দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।
কেএন/এসএন