বাংলাদেশকে ৪৭ গোল দিয়ে ফাইনালে ভারত
ছবি: সংগৃহীত
০৯:১৯ পিএম | ১৯ অক্টোবর, ২০২৬
বেগম খালেদা জিয়া নারী আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের বিরুদ্ধে বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারতের গতি, শক্তি ও নৈপুণ্যের সামনে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি স্বাগতিকেরা। ম্যাচটিতে ৪৭–১৩ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ভারতীয় মেয়েরা।
ম্যাচের শুরু থেকেই ভারতের আক্রমণের মুখে দিশাহারা হয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধেই ২৪টি গোল হজম করার বিপরীতে বাংলাদেশ করতে পেরেছিল মাত্র ৮টি গোল। বিরতির পরও খেলার চিত্রে কোনো বদল আসেনি; শেষ পর্যন্ত ৩৪ গোলের ব্যবধান দুই দলের আন্তর্জাতিক অভিজ্ঞতা, প্রস্তুতি ও শারীরিক সক্ষমতার বড় পার্থক্য স্পষ্টভাবে ফুটিয়ে তোলে।
ভারতের কাছে এই বড় হারের পর বাস্তবতা মেনে নিয়েছেন বাংলাদেশ দলের কোচ আনা আলোনসো। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা ভারতের চেয়ে অনেক দিক থেকেই পিছিয়ে আছি। শারীরিক সক্ষমতা ও হ্যান্ডবলের দক্ষতায় বড় পার্থক্য রয়েছে, যা আজ মাঠে স্পষ্ট দেখা গেছে।’
কোচ জানান, স্বল্পমেয়াদী ক্যাম্পে এই ঘাটতি পূরণ সম্ভব নয়। তার মতে, ‘এটি এক, দুই বা তিন মাসের কাজ নয়। ক্যাম্পের বাইরে থাকলেও খেলোয়াড়দের নিজ বাড়িতে প্রস্তুতি নিতে হবে, সারা বছর শরীরচর্চা করে ফিটনেস ধরে রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।’
প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে শুভসূচনা করলেও দ্বিতীয় ম্যাচেই বড় ব্যবধানের হারে হতাশা নেমে এসেছে দলে। ম্যাচজুড়ে গোলপোস্টের নিচে নিরুপায় লড়াই চালানো বাংলাদেশ গোলকিপার সুমাইয়া আক্তার ম্যাচের পর আন্তর্জাতিক অঙ্গনে অনিয়মিত খেলার দীর্ঘদিনের সমস্যাটি তুলে ধরেন।
২০১৯ সালের এসএ গেমসের পর থেকে সিনিয়র পর্যায়ে নিয়মিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাননি বাংলাদেশের মেয়েরা। সুমাইয়া বলেন, ‘ভারতের মতো শক্তিশালী দলের সঙ্গে লড়তে হলে সেই মানের প্রস্তুতি এবং বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ দরকার।’
আজকের খেলায় ভারতের হয়ে একাই ১৩টি গোল করে ম্যাচসেরা হয়েছেন ভাওয়ানা। টানা জয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে সফরকারী ভারত।
তবে ভারতের কাছে হেরে গেলেও বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি। আগামীকাল নিজেদের পরবর্তী ম্যাচে মালদ্বীপকে হারাতে পারলেই ফাইনালের টিকিট পাবে স্বাগতিকেরা, যেখানে আবারও ভারতের মুখোমুখি হওয়ার সুযোগ থাকবে তাদের সামনে।
আরআই/টিএ