© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আগে জানলে ছেলেকে ত্যাজ্যপুত্র করতাম’- ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের পদ পাওয়ায় জামায়াত নেতার ক্ষোভ

শেয়ার করুন:
‘আগে জানলে ছেলেকে ত্যাজ্যপুত্র করতাম’- ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের পদ পাওয়ায় জামায়াত নেতার ক্ষোভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৮ পিএম | ১৯ অক্টোবর, ২০২৬
কিশোরগঞ্জ জেলা নিষিদ্ধ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন ইটনা উপজেলার বাদলা ইউনিয়ন জামায়াতের সভাপতি সিরাজ উদ্দিনের ছেলে আলী আকবর তানভীর। তবে ছেলের নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ততা ও পদ পাওয়ার বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন তার বাবা।

রোববার (১৮ অক্টোবর) জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লার ফেসবুক পোস্টে প্রকাশিত কমিটির তালিকায় আলী আকবর তানভীরের নাম দেখা যায়।

সিরাজ উদ্দিন জানান, তার ছেলে বর্তমানে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় রয়েছেন। গত কয়েক মাস ধরে তিনি দেশের বাইরে। ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত, তা তিনি জানতেন না। তিনি বলেন, জামায়াতের আদর্শ আর আওয়ামী লীগের আদর্শ কখনো এক নয়। আগে জানতে পারলে ছেলেকে ত্যাজ্যপুত্র করতেন।

তিনি আরও জানান, কমিটি ঘোষণার পর ছেলের সঙ্গে কথা হয়েছে। ছেলে তাকে জানিয়েছে, সে পদত্যাগ করেছে। তবে পদত্যাগের বিষয়ে কোনো প্রমাণ তার কাছে নেই।

এ বিষয়ে ইটনা উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল হোসেন বলেন, ফ্যাসিস্টের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই দলে যারা রয়েছে, তাদের সবার শাস্তি হোক। তবে বাদলা ইউনিয়ন জামায়াতের সভাপতি সিরাজ উদ্দিনের ছেলে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত- এমন তথ্য তার জানা নেই বলে জানান তিনি। বিষয়টি সত্য হলে তা খুবই খারাপ এবং এ বিষয়ে সিরাজ উদ্দিনের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

আলী আকবর তানভীরের বক্তব্য জানতে তার বাবার কাছে যোগাযোগের নম্বর চাওয়া হলেও তিনি তা দিতে পারেননি। ফলে এ বিষয়ে তানভীরের বক্তব্য পাওয়া যায়নি।

আরআই/টিএ

মন্তব্য করুন