মধ্যপ্রাচ্যে ‘তেলের বদলে নিরাপত্তা’ নীতি থেকে সরে আসছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
০৯:৪৬ পিএম | ২০ অক্টোবর, ২০২৬
মধপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ‘তেলের বদলে নিরাপত্তা’ নীতি থেকে সরে আসছে যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে আর নিজেদের আধিপত্যও চায় না। দেশটির অন্যতম প্রভাবশালী কূটনীতিক টম ব্যারাক আজ মঙ্গলবার (২০ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।
তিনি কাতারের রাজধানী দোহায় গ্লোবাল সিকিউরিটি ফোরামে জানান, তেলের বদলে নিরাপত্তা নীতি থেকে সরে আসলেও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছেড়ে যাবে না। তবে দীর্ঘ সময় ধরে সরকার পরিবর্তনের চেষ্টার পর সেখানে মার্কিনিদের কাজ কী হবে সেটি পুননির্ধারণ করা হবে বলে উল্লেখ করেন তিনি।
টম ব্যারাক তুরস্কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং সিরিয়ার বিশেষ দূত হিসেবে কাজ করছেন। তিনি তার বক্তব্যে বলেন, “যুক্তরাষ্ট্র আর মধ্যপ্রাচ্যকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় না। আমরা এখন আর মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের জন্য আলোচনা করছি না। আমাদের আলোচনা হচ্ছে কীভাবে এ অঞ্চল না ছাড়া যায়, আমরা মধ্যপ্রাচ্য ছেড়ে যাচ্ছি না।”
টম ব্যারাক স্বীকার করেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন বুঝতে পারছে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপেরও সীমাবদ্ধতা আছে। সবসময় তাদের হস্তক্ষেপ কাজে দেয় না।
তিনি বলেন, “সবাই (মধ্যপ্রাচ্যের দেশগুলো) বলছে, ঠিক আছে, আমাদের সব সমস্যা সমাধানের জন্য আমরা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারব না।”
“যখনই আমরা (সরকার বা নেতা পরিবর্তনের জন্য) হস্তক্ষেপের চেষ্টা করি, সরকার বা নেতা পরিবর্তন করি, তখনই বোঝা যায় আমরা ভুল করেছি।”
সূত্র: আলজাজিরা
এমআর/টিএ