এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেল বার্সেলোনা
ছবি: সংগৃহীত
০৮:২৪ পিএম | ২১ অক্টোবর, ২০২৬
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে ৪-২ গোলে হেরে লা লিগায় মনোযোগী হতে চায় বার্সেলোনা। যেখানে আসন্ন ম্যাচে তারা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোয় লড়বে। কিন্তু এর আগে দুঃসংবাদ পেয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন মিডফিল্ডার দানি ওলমো।
বাম পায়ের অ্যাডাক্টর পেশিতে চিড় ধরেছে ২৭ বছর বয়সী এই ফুটবলারের। পিএসজি ম্যাচের আধঘণ্টা পেরোতেই চোটের কারণে ওলমোকে মাঠ ছাড়তে হয়েছিল। বাম ঊরুতে আঘাত পাওয়ার পর প্রথমে তার বাম পায়ের অ্যাডাক্টর পেশিতে সমস্যা হয়েছে বলে ধারণা করা হচ্ছিল। ভিতিনিয়ার সঙ্গে সংঘর্ষের মুহূর্তেই ওলমো নিজেও পেশিতে চিড় ধরার বিষয়টি বুঝতে পেরেছিলেন।
টেলিভিশন সম্প্রচারে ওলমোর মুখের অভিব্যক্তিতেও বেশ ভালোই চোটের শঙ্কা স্পষ্ট হয়ে ওঠে। পরীক্ষার জন্য যাওয়ার সময়ও বার্সার স্প্যানিশ তারকাকে বেশ খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। তখনই ধারণা করা হচ্ছিল, কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে যেতে পারেন তিনি। পরবর্তীতে ইমেজিং পরীক্ষায় বাম পায়ের অ্যাডাক্টর পেশিতে চিড় ধরা পড়ার বিষয়টি নিশ্চিত হলে ক্লাবের পক্ষ থেকেও বিবৃতিতে জানানো হয়েছে, চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ওলমোকে।
তবে এই মুহূর্তে তার ফেরার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চায় না বার্সেলোনা। চোট থেকে সুস্থ হয়ে ওঠার অগ্রগতির ওপরই নির্ভর করবে তার মাঠে ফেরার সময়। দ্রুত ফেরাতে গিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতেও রাজি নয় হ্যান্সি ফ্লিকের দল।
পিএসজির বিপক্ষে বার্সেলোনার হয়ে ওলমো শততম ম্যাচ খেলতে নেমেছিলেন। এর আগে গত বছরের ৩ ডিসেম্বর সর্বশেষ চোটে পড়েছিলেন তিনি। এরপর টানা ৪৪টি ম্যাচে খেলেছিলেন ওলমো, গত মৌসুমে ৩২টি এবং চলতি মৌসুমে এখন পর্যন্ত ১২ ম্যাচের সেই ধারাবাহিকতায় ছেদ পড়ল এবার।
এমআর/টিএ