মসজিদের মাইক ব্যবহার করে উত্তেজনা সৃষ্টি করা যাবে না: এমপি লুনা
ছবি: সংগৃহীত
০৯:৩৮ পিএম | ২১ অক্টোবর, ২০২৬
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা অত্যন্ত জরুরি। ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি সমাজে সততা, ন্যায়বিচার ও সহনশীলতা জাগ্রত করতে ইমামদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মসজিদে শুধু ইসলামী আলোচনা হবে, সেখানে কোনো রাজনৈতিক আলোচনা বা উত্তেজনা সৃষ্টি করা যাবে না।
বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় সিলেটের বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেন, ইমামরা সমাজের মানুষের কাছে অত্যন্ত সম্মানিত ও গ্রহণযোগ্য ব্যক্তি। তাদের বক্তব্য ও দিকনির্দেশনা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক বন্ধন এবং সামাজিক আচরণে ইতিবাচক প্রভাব ফেলে। সমাজে কোনো সমস্যা বা সংঘাত দেখা দিলে তা আলোচনার মাধ্যমে এবং আইনসম্মত উপায়ে সমাধান করতে হবে। কোনো অবস্থাতেই মসজিদের মাইক ব্যবহার করে এলাকায় উত্তেজনা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।
ইমাম-মুয়াজ্জিনদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, যদি কেউ জোরপূর্বক মসজিদের মাইক ব্যবহার করে মারামারি বা সংঘর্ষের ঘোষণা দিতে চায়, তবে ইমাম ও মুয়াজ্জিনরা কালবিলম্ব না করে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত করবেন।
বিশ্বনাথ উপজেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা ফখরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এহসান উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাবেক সভাপতি জালাল উদ্দিন, সাবেক আহ্বায়ক গৌছ খান, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, সহ-সভাপতি ডা. মাহবুব আলী জহির এবং বিএনপি নেতা জামাল উদ্দিন।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌস রহমান ও সদস্য মাওলানা জালাল উদ্দিন। সম্মেলনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা জিয়াউল হক আনছারী। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ইমাম সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
এমআই/টিএ