আট মাসে আট গুণ আয়, সামান্থার পারফিউম ব্র্যান্ডের আয় ছাড়াল ১২০ কোটি রুপি!
ছবি: সংগৃহীত
০১:৩৫ এএম | ২২ অক্টোবর, ২০২৬
সিনেমার তারকাদের প্রভাব ও সাফল্য এখন শুধুই বক্স অফিসে সীমাবদ্ধ নেই। সিনেমার বাইরে প্রচারণা ও ব্যবসায়িক খাতেও বিরাট জায়গা দখল করে নিচ্ছেন অনেকে। তেমনই এক তারকা সামান্থা রুথ প্রভু।
দক্ষিণ ভারতীয় সিনেমার এই অভিনেত্রী একাধিক ব্যবসার সঙ্গে জড়িত। এর মধ্যে একটি ‘সিক্রেট অ্যালকেমিস্ট’। এটি একটি পারফিউম ব্র্যান্ড। অঙ্কিতা থাডানি ও আকাশ ভালির সঙ্গে মিলে ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেছেন তিনি। আর এই ব্র্যান্ডেরই আয় বাড়ছে তরতর করে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, গত আট মাসে ব্র্যান্ডটির আয় বেড়েছে আট গুণ। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আয় ছাড়িয়েছে ১২০ কোটি রুপি।
আবার কিছুদিন আগে তার নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’ মুক্তি পেয়েছে। সেটিও বক্স অফিসে বাজিমাত করেছে। আয় করেছে ১০০ কোটি রুপিরও বেশি।

দুই সাফল্য নিয়ে সামান্থা বলেন, “সম্পূর্ণ ভিন্ন দুটি উদ্যোগকে এমন গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছাতে দেখে ভীষণ ভালো লাগছে। ‘মা ইন্তি বাঙ্গারাম’ এমন একটি সিনেমা, যা আমার হৃদয়ের খুব কাছের। অন্যদিকে, ‘সিক্রেট অ্যালকেমিস্ট’ হলো শূন্য থেকে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার যাত্রা, যেখানে এমন একটি দলের সঙ্গে কাজ করেছি, যারা এই উদ্যোগের লক্ষ্য ও ভাবনার প্রতি গভীরভাবে বিশ্বাসী। মানুষের এই ভালোবাসা, আস্থা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। এই সাফল্যগুলোই আমাকে নতুন সীমা অতিক্রম করতে এবং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার মতো কাজ করতে অনুপ্রাণিত করে।”
সুগন্ধি ব্র্যান্ড ছাড়াও ব্যবসা রয়েছে সামান্থার। ২০২০ সালে উদ্যোক্তা সুশ্রুতি কৃষ্ণার সঙ্গে যৌথভাবে তিনি প্রতিষ্ঠা করেন ‘সাকি’। এটি ভারতীয় নারীদের জন্য সমসাময়িক ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড। এ ছাড়া হর্ষিতা মোতাপার্থী ও প্রবিষ্টা নাদেল্লার সঙ্গে প্রতিষ্ঠিত ভারতীয় অ্যাকটিভওয়্যার ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘মাইল কালেক্টিভ’-এর সঙ্গেও যুক্ত রয়েছেন সামান্থা। পাশাপাশি পুষ্টিবিষয়ক সাপ্লিমেন্ট ব্র্যান্ড ‘গাটাকা’রও সহপ্রতিষ্ঠাতা তিনি।
একেএস/টিএ