সাতক্ষীরায় প্রতিমা বিসর্জনস্থলে সিঁদুর খেলার সময় প্রাণ গেল নববধূর
ছবি: সংগৃহীত
০৯:১২ এএম | ২২ অক্টোবর, ২০২৬
বিয়ের মাত্র চার মাস। বাবার বাড়িতে প্রথম দুর্গাপূজা উদ্যাপন করতে এসেছিলেন তন্নি দে (২০)। বিজয়া দশমীতে ননদের সঙ্গে প্রতিমা বিসর্জনস্থলে গিয়ে অংশ নেন সিঁদুর খেলার আনুষ্ঠানিকতায়। এর মধ্যেই হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়ার পর তার মৃত্যু হয়।
উৎসবের দিনে নববধূর এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা গ্রামে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পাটকেলঘাটা থানার কুমিরা বাসস্ট্যান্ড-সংলগ্ন সার্বজনীন প্রতিমা বিসর্জনস্থলে এ ঘটনা ঘটে।
তন্নি দে কুমিরা গ্রামের মহাদেব দের মেয়ে। চার মাস আগে যশোরের কেশবপুর উপজেলার এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর বাবার বাড়িতে এটাই ছিল তার প্রথম দুর্গোৎসব।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়া দশমীর সন্ধ্যায় ননদের সঙ্গে প্রতিমা বিসর্জনস্থলে যান তন্নি। সেখানে সিঁদুর খেলা ও প্রতিমার কপালে সিঁদুর দেওয়ার আনুষ্ঠানিকতায় অংশ নেন তিনি। একপর্যায়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তন্নির আকস্মিক মৃত্যুর ঘটনায় বিসর্জনস্থলের উৎসবমুখর পরিবেশ শোকে স্তব্ধ হয়ে যায়। মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েন বাবা মহাদেব দেসহ পরিবারের সদস্যরা।
তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার ও স্থানীয় সূত্রে তন্নির মৃত্যুর খবর জানা গেছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, বিসর্জনস্থলে এক নববধূর আকস্মিক মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, তন্নি হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএ/টিএ