মিরপুরে প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
ছবি: সংগৃহীত
০১:২৫ পিএম | ২২ অক্টোবর, ২০২৬
রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণের অভিযোগে তানভীর জোমাদ্দার নামে এক ছাত্রলীগ (নিষিদ্ধ ঘোষিত) নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা-পুলিশ। তানভীর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি তানভীরও সেখানে উপস্থিত হন। পরিদর্শনের একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীকে অনুসরণ করে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন।
এ ঘটনার ৩৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি সামনে আসার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তানভীরকে খুঁজতে থাকেন। পরে মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম পরিদর্শনের সময় তানভীর পুলিশ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাশ কাটিয়ে প্রধানমন্ত্রীকে অনুসরণ করছেন। একপর্যায়ে অন্যদের পেছনে ফেলে তিনি প্রধানমন্ত্রীর কাছাকাছি পৌঁছে যান।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, গত শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুরে ফুটপাত পরিদর্শনে যান। এ সময় এক ছাত্রলীগ নেতা তাকে অনুসরণ করেন। ঘটনার ভিডিও যাচাই-বাছাই করে তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কেএন/টিএ