© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে দুই আইফোন ছিনতাই

শেয়ার করুন:
মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে দুই আইফোন ছিনতাই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৭ পিএম | ২২ অক্টোবর, ২০২৬
রাজধানীর মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে এক যুবকের কাছ থেকে দুটি আইফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় মানিক মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চার যুবকের মধ্যে গ্রেপ্তার মানিকের বিরুদ্ধে ছিনতাইয়ের তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় একটি অটোরিকশায় করে আসা চার যুবক চাপাতি দেখিয়ে অস্ট্রিয়ায় অধ্যয়নরত মাসফিকুর রহমানের হাত থেকে দুটি আইফোন ছিনিয়ে নেয়।

ছিনতাইকারীদের বাধা দিতে আশপাশের লোকজন এগিয়ে এলে তাদেরও চাপাতি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়। পরে অটোরিকশায় করে পালিয়ে যায় তারা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম এসব তথ্য জানান।

তিনি বলেন, বুধবার বিকেল পৌনে চারটা থেকে চারটার মধ্যে মোহাম্মদপুর থানার ৪ সলিমুল্লাহ রোডের ৭ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ ঘটনাটি সম্পর্কে জানতে পারে।

ওসি জানান, ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ের ৫ নম্বর অ্যাভিনিউ এলাকায় ভাড়া থাকতেন।

গ্রেপ্তার মানিকের দেওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাই হওয়া আইফোন দুটি রাজধানীর কাফরুল এলাকায় শনাক্ত করা হয়েছে জানিয়ে ওসি বলেন, মোবাইল ফোন দুটি উদ্ধারে মোহাম্মদপুর থানার একটি দল কাফরুলের উদ্দেশে রওনা হয়েছে।

ছিনতাইয়ের শিকার মাসফিকুর রহমানের স্ত্রী আয়েশা নিগার মিথিলা ফার্মেসি বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তারা মোহাম্মদপুরের একটি বাসায় থাকেন।

এফআর/এসএন

মন্তব্য করুন