© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনা নগরীর একই এলাকায় ১২ ঘণ্টার ব্যবধানে প্রকাশ্যে গুলি করে ২ খুন

শেয়ার করুন:
খুলনা নগরীর একই এলাকায় ১২ ঘণ্টার ব্যবধানে প্রকাশ্যে গুলি করে ২ খুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৯ এএম | ২৩ অক্টোবর, ২০২৬
খুলনা নগরীর একই এলাকায় ১২ ঘণ্টার ব্যবধানে গুলিতে এক নারী ও এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় লবণচরা থানার জিন্নাহপাড়া এলাকায় খুশি (২৪) নামে এক নারীকে গুলি করে হত্যা করা হয়। এর আগে ভোরে নগরীর মিস্ত্রিপাড়া এলাকায় গুলিতে নিহত হন তুষার (২৭) নামে এক যুবক। পুলিশের প্রাথমিক ধারণা, খুশি মাদক এবং তুষার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এসব ঘটনায় খুলনা নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় জিন্নাহপাড়া ৭ নম্বর রোডের টাওয়ার গলির সামনে প্রকাশ্যে খুশিকে হত্যা করার ঘটনা নিয়ে আলোচনা চলছে সর্বত্র। নিহত খুশি ওই এলাকার বাসিন্দা খোকনের মেয়ে এবং ব্লেড বাবুর স্ত্রী। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাসা থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা চার থেকে পাঁচজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার মাথায় গুলি লাগে। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ রয়েছে। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় খুশিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুশির মা জানান, ঘটনার সময় তিনি ও তার মেয়ে বাড়ির সামনে ছিলেন। তখন মিরাজ নামের এক যুবক তাদের কাছে এসে কেমন আছেন জানতে চান। এর পরপরই তার সামনেই মেয়ের মাথায় গুলি করে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে মাদককে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশে আনসার উদ্দিন লেনে গুলিতে নিহত হন তুষার। তিনি লবণচরা থানার জিন্নাহপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদ্রাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের গুলিতে বুকে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান তুষার। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল এবং কিছু দূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, প্রাথমিক তদন্তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত তুষার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য ছিলেন। প্রতিপক্ষের গুলিতে তার মৃত্যু হয়েছে। তার নামে অস্ত্র ও চাঁদাবাজির দুটি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

একেএস/টিএ

মন্তব্য করুন