বহুদিন পর একসঙ্গে কারিনা-শাহিদ
ছবি: সংগৃহীত
০২:১৫ পিএম | ২৩ অক্টোবর, ২০২৬
বহুদিন পর একসঙ্গে দেখা গেল বলিউডের প্রাক্তন জুটি কারিনা কাপুর খান ও শাহিদ কাপুরকে। আইফা ২০২৭-এর এক সংবাদ সম্মেলনে একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান তারা।
তাদের এই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই পুরনো স্মৃতিতে ফিরেছেন ভক্তরা। বৃহস্পতিবার মুম্বাইয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে কারিনার পরনে ছিল কালো লেদারের টপ ও স্কার্ট। অন্যদিকে, শাহিদ পরেছিলেন সাদা স্যুট। দুজনের স্বাভাবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখে অনেক ভক্তই আবেগপ্রবণ হয়ে পড়েন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সাক্ষাতের ভিডিওতে নানা মন্তব্য করেছেন ভক্তরা। একজন লিখেছেন, ‘এটা দেখে আমার এত আবেগপ্রবণ লাগছে কেন?’ আরেকজনের মন্তব্য, ‘আমরা এত খুশি হচ্ছি কেন?’ কেউ আবার লিখেছেন, ‘গীত আর আদিত্য।’ তাদের মন্তব্যে স্পষ্ট, ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘জাব উই মেট’ সিনেমার স্মৃতি এখনো দর্শকের মনে উজ্জ্বল।
এর আগে ২০২৫ সালের মার্চে জয়পুরে আইফার এক সংবাদ সম্মেলনেও একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানিয়েছিলেন কারিনা ও শহিদ।
তখন তাদের সাক্ষাৎ নিয়ে আলোচনা হলে শাহিদ বলেছিলেন, একে অপরের সঙ্গে দেখা হওয়া তাদের কাছে স্বাভাবিক বিষয়। বিভিন্ন জায়গায় তাদের দেখা হয় বলেও জানান তিনি।
কারিনা ও শাহিদের সম্পর্কের ইতি ঘটে ২০০৭ সালে, ‘জাব উই মেট’ সিনেমার শুটিংয়ের সময়। সিনেমাটিতে গীত ও আদিত্য চরিত্রে তাদের অভিনয় আজও দর্শকের কাছে জনপ্রিয়। ব্যক্তিজীবনে দুজনই এগিয়ে গেছেন।
২০১২ সালে অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন কারিনা। তাদের দুই ছেলে তৈমুর ও জেহ। অন্যদিকে, ২০১৫ সালের ৭ জুলাই মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ। তাদের দুই সন্তান মিশা ও জেইন।
এদিকে, সম্প্রতি কারিনার টক শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ অতিথি হয়ে এসেছিলেন শাহিদের স্ত্রী মীরা রাজপুত। অনুষ্ঠান শেষে কারিনার সঙ্গে ছবি প্রকাশ করে মীরা তার আতিথেয়তার প্রশংসা করেন। কারিনাও জবাবে মীরাকে ‘গর্জিয়াস’ বলে উল্লেখ করেন। তাদের এই সৌহার্দ্যপূর্ণ বিনিময়ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর কেড়েছে।
এসএ/টিএ