‘মুখ্যমন্ত্রী’ বিজয় আমার লাকি চার্ম: সামান্থা
ছবি: সংগৃহীত
০৩:৫৪ পিএম | ২৩ অক্টোবর, ২০২৬
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার আগে দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা ছিলেন থালাপতি বিজয়। ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় সিনেমা ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবার বিজয়ের প্রশংসা করে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু বলেছেন, তিনটি সফল সিনেমায় একসঙ্গে কাজ করায় বিজয় তার লাকি চার্ম।
বর্তমানে সেলিব্রিটি মাস্টারশেফ তামিল অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন সামান্থা। অনুষ্ঠানের আসন্ন একটি পর্বে হিরো বনাম ভিলেন চ্যালেঞ্জ চলাকালে সঞ্চালক আরজে বিজয় তাকে প্রিয় তারকা সম্পর্কে প্রশ্ন করেন। জবাবে সামান্থা বলেন, বিজয়ের প্রতি তার ভালো লাগার কথা সবারই জানা।

অভিনেত্রী বলেন, সে আমার লাকি চার্ম। তার সঙ্গে তিনটি সুপারহিট ছবিতে কাজ করেছি। ছবিগুলো হলো কাথথি (২০১৪), থেরি (২০১৬) ও মেরসাল (২০১৭)। তিনটি ছবিই বাণিজ্যিকভাবে সফল হয়েছিল। বিশ্বব্যাপী প্রতিটি ছবির আয় ১০০ কোটি রুপির বেশি ছিল। মেরসাল-এর আয় ছাড়িয়েছিল ২৫০ কোটি রুপি।
সিনেমা ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্তের জন্যও বিজয়ের প্রশংসা করেন সামান্থা। তার মতে, ব্যক্তি হিসেবে বিজয় অনুপ্রেরণাদায়ক। কোটি কোটি ভক্তের সমর্থন থাকার পরও নেতা হওয়া এবং মানুষের শাসনব্যবস্থার দায়িত্ব নেওয়ার পথ বেছে নিয়েছেন তিনি। নীরবে, মনোযোগ দিয়ে পর্দার আড়ালের কঠোর পরিশ্রম করছেন বিজয়।
সামান্থা বলেন, ক্যারিয়ারের শীর্ষে থেকে সিনেমা ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়া সহজ সিদ্ধান্ত নয়। তবে তার মতে, রাজনীতিতে প্রবেশের জন্য সঠিক সময়ই বেছে নিয়েছেন বিজয়।
১৯৮৪ সালে বাবার পরিচালনায় ভেট্রি ছবিতে শিশুশিল্পী হিসেবে পর্দায় অভিষেক হয় বিজয়ের। ১৯৯২ সালে নালাইয়া থীরপু ছবিতে নায়ক হিসেবে অভিষেক ঘটে তার। ছবিটি পরিচালনা করেন তার বাবা এস এ চন্দ্রশেখর এবং প্রযোজনা করেন মা শোবা।
১৯৯৬ সালে কোয়েম্বাটোর ম্যাপিল্লাই ছবির মাধ্যমে প্রথম বাণিজ্যিক সাফল্য পান বিজয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে লিও ছবির মাধ্যমে বক্স অফিসে বড় সাফল্য পান তিনি। ছবিটি কোলিউডের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর তালিকায় জায়গা করে নেয়।
২০২৪ সালে রাজনীতিতে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তামিলাগা ভেত্রি কাজাগাম নামে দল গঠন করেন বিজয়। চলতি বছরের মে মাসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি। রাজ্যে ক্ষমতায় আসা প্রথম দ্রাবিড়বিরোধী দল হিসেবে টিভিকের সাফল্যের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজয়ের শেষ সিনেমা জানা নায়াগান পঙ্গল উৎসবে মুক্তির কথা ছিল। তবে ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র ছাড়পত্র বোর্ডের কারণে মুক্তি পিছিয়ে যায়। পরে জুলাইয়ে মুক্তি পেয়ে সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও বক্স অফিসে ভালো ব্যবসা করে ছবিটি।
সেলিব্রিটি মাস্টারশেফ তামিল অনুষ্ঠানটি এন্ডেমল শাইন ইন্ডিয়ার প্রযোজনায় তৈরি। সোমবার থেকে শুক্রবার রাত ৮টায় সনি ভিজা চ্যানেলে প্রচারিত হয় এটি। পাশাপাশি সনি লিভেও দেখা যায় অনুষ্ঠানটি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এসএ/টিএ