দীর্ঘ ১৫ বছরের প্রেম থাকার পরও বিয়ের তাড়া নেই মনামীর!
ছবি: সংগৃহীত
০৫:০৬ পিএম | ২৩ অক্টোবর, ২০২৬
বয়স ৪২ পেরোলেও রূপ, গ্ল্যামার আর ফ্যাশন সেন্সে এখনো অনুরাগীদের মুগ্ধ করে চলেছেন টলিউড অভিনেত্রী মনামী ঘোষ। অভিনয়ের পাশাপাশি নাচ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতি- সব মিলিয়ে বরাবরই আলোচনায় থাকেন তিনি।
বর্তমানে ‘বিগ বস বাংলা’র অন্যতম আলোচিত প্রতিযোগীও এই অভিনেত্রী। তবে দীর্ঘদিনের সফল ক্যারিয়ারের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের কৌতূহলের শেষ নেই।
বিশেষ করে, দীর্ঘ ১৫ বছরের প্রেমের সম্পর্ক থাকার পরও কেন এখনো বিয়ের পিঁড়িতে বসেননি মনামী? মনামীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা নতুন নয়। প্রেমের সম্পর্ক নিয়ে কখনোই খুব একটা লুকোছাপা করেননি তিনি।

কোরিওগ্রাফার ও আলোকচিত্রী সৈকত বারুরির সঙ্গে দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন এই অভিনেত্রী। তাদের প্রেমের কথা টালিউডের অন্দরমহল থেকে অনুরাগীদের অনেকেরই জানা।
২০১৮ সাল নাগাদ দুজনের বিয়ে নিয়ে জল্পনাও শুরু হয়েছিল। কিন্তু এরপর পেরিয়ে গেছে বেশ কয়েকটি বছর। সম্পর্কের দীর্ঘ পথচলা অব্যাহত থাকলেও বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো।

তবে কি বিয়েতে অনীহা মনামীর? অভিনেত্রীর বক্তব্য অবশ্য অন্য কথা বলছে। সামাজিক নিয়ম কিংবা বয়সের হিসাব মেনে তাড়াহুড়ো করে বিয়ে করার পক্ষপাতী নন তিনি। তার কাছে সম্পর্কের গভীরতা ও পারস্পরিক বোঝাপড়াই বেশি গুরুত্বপূর্ণ। তাই দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্কে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে এখনই তাড়াহুড়ো করতে চান না তিনি।
এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে মনামী বলেছিলেন, ‘বিয়ে তো একটা প্রতিষ্ঠান। আমি কাজের ক্ষেত্রে নিজের দু’শো শতাংশ দেওয়ার চেষ্টা করি। তেমনই বিয়ে করলেও কাজের মতোই আমি নিজের দু’শো শতাংশ দিতে চাই। একটু সংসার করলাম, একটু শুটিং করলাম, সেটা পারব না।’
বিয়ে নিয়ে সমাজের প্রচলিত ধারণাকেও খুব একটা গুরুত্ব দেন না মনামী। আত্মীয়-স্বজনের প্রশ্ন থাকলেও তার বাবা-মা কখনো বিয়ের জন্য চাপ সৃষ্টি করেননি বলে জানিয়েছেন তিনি। এমনকি বিয়ে কিংবা সন্তান নেওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘদিনের প্রেমিক সৈকতের সঙ্গেও নিয়মিত আলোচনা হয় না তাদের। বরং দুজনের ক্যারিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনা ও নিজেদের স্বপ্ন নিয়েই কথা বলতে বেশি স্বচ্ছন্দ তারা।
মনামীর কাছে জীবনের অর্থ নিজের মতো করে বাঁচা, নিজের পছন্দকে গুরুত্ব দেওয়া এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলা। কে কী বললেন কিংবা সমাজ তার জীবন নিয়ে কী প্রত্যাশা করল, তা দিয়ে নিজের সিদ্ধান্ত নির্ধারণ করতে চান না তিনি।
তাই বলে বিয়ের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না অভিনেত্রী। তার মতে, উপযুক্ত সময় এলে এবং দুজনেই যখন মানসিকভাবে প্রস্তুত বলে মনে করবেন, তখনই বিয়ের সিদ্ধান্ত নেবেন তারা।
এসএ/টিএ