ফুটবল ভালোবাসেন, অথচ ম্যাচ দেখলেই রেগে যান নেইমার জুনিয়র
ছবি: সংগৃহীত
০৮:৫৬ পিএম | ২৩ অক্টোবর, ২০২৬
মাত্র ১৭ বছর বয়সে পেশাদার ক্যারিয়ার শুরু। প্রায় দুই দশক ধরে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। প্রায় সময় ইনজুরিতে না পড়লে নেইমারের ক্যারিয়ারটা আরও বর্ণাঢ্য হতে পারত। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও খেলছেন সান্তোসের হয়ে। দীর্ঘ ১৭ বছর ফুটবল খেললেও টিভিতে ম্যাচ দেখা একদমই পছন্দ করেন না তিনি।
৩৪ বছর বয়সী ফরোয়ার্ড এখন থেকেই ফুটবল পরবর্তী জীবন নিয়ে ভাবতে শুরু করেছেন। ভারান্দা গোরমেত চ্যানেলকে দেওয়া তার সাক্ষাৎকারের কিছু বক্তব্য প্রকাশ করেছে ব্রাজিলিয়ান আউটলেট জি গ্লোবো। সেখানে তিনি জানিয়েছেন, ফুটবল ম্যাচ দেখলে তার রাগ হয়। মূলত মাঠে নিজে খেলতেই পছন্দ করেন তিনি।
নেইমার বলেন, ‘এটা পরিষ্কার যে যখন আমি অবসর নিবো, কোনো কিছুই না করে পুরো একটা বছর কাটিয়ে দিবো। আমি এভাবেই চলব: আজ যদি ফুটবল খেলার ইচ্ছা জাগে, আমি খেলব। কিন্তু আজ যদি কোনো কিছুই না করার ইচ্ছা জাগে, আমি কিছুই করব না।’

খেলার জন্য প্রবল তাড়না অনুভব করলেও ব্রাজিলিয়ান তারকা স্বীকার করলেন, তিনি টিভিতে ম্যাচ দেখেন না। তার ব্যাখ্যা, ‘না, আমি এটা পছন্দ করি না। আমি বাস্কেটবল ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে দেখি। ফুটবল দেখলে আমার রাগ হয়।’
নেইমার যোগ করেন, ‘যখন আমি সাক্ষাৎকারে বা আমার বন্ধুদের সঙ্গে আলাপের সময় এটা বলি, কেউই আমাকে বিশ্বাস করে না। আমি ফুটবল ভালোবাসি, কিন্তু খেলতে ভালোবাসি। সোফায় বসে থেকে টিভিতে একটি ম্যাচ দেখা, আমি আসলে পারি না।’
নেইমারের আরও কথা, ‘প্যারিস ও বার্সেলোনায় আমার সঙ্গে যারা থাকত, শনিবার বা রোববার তারা শুধু টিভিতে ফুটবল ম্যাচ দেখত। আমি খুব রেগে যেতাম, এমনকি আমি সেই ঘরেও থাকতাম না।’
এমআর/টিএ