মাঠে হাত মেলান না, কিন্তু বাইরে একসঙ্গে ছবি তোলেন জ্যোতি-হারমানপ্রীত
ছবি: সংগৃহীত
০৯:৪৪ পিএম | ২৩ অক্টোবর, ২০২৬
ভারত নারী দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে বাংলাদেশ নারীর ওয়ানডে দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির তিক্ততার গল্প অনেকেরই জানা।
২০২৩ সালের এক ঘটনার পর থেকে টসের সময় দুজন হাত মেলাল না; এমনকি কেউ কারও দিকে তাকানোর প্রয়োজনও মনে করেন না। ম্যাচ শেষেও করমর্দন না করেই মাঠ ছাড়েন।
কিন্তু মাঠের বাইরে দেখা গেল ভিন্ন চিত্র। জ্যোতি-হারমানপ্রীত পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলেছেন; দুজনের মুখেই লেগে আছে হাসি!
আজ বিকেলে জ্যোতি সামাজিক যোগাযোগমাধ্যমে হারমানপ্রীতের সঙ্গে তোলা ছবি পোস্ট করে লিখেছেন, ‘যখন পাশে একজন কিংবদন্তি থাকেন, তখন কোনো ক্যাপশনের প্রয়োজন হয় না।’
ছবিটি দুজন কবে-কোথায় তুলেছেন, তা ক্যাপশনে বলা হয়নি। তবে ব্যাকগ্রাউন্ড দেখে বোঝা যাচ্ছে, এটি জাপানে গত সেপ্টেম্বরে এশিয়ান গেমসের সময় তোলা। জ্যোতি-হারমানপ্রীতকে একসঙ্গে দেখার পর অনেকেই মনে করছেন, দুজনের মধ্যকার সম্পর্কের বরফ গলতে শুরু করেছে।
লম্বা সময় ধরে জ্যোতি-হারমানপ্রীতের মাঠে হাত না মেলানোর ঘটনাটি মূলত ২০২৩ সালে মিরপুরে বাংলাদেশ-ভারত ওয়ানডে ম্যাচে বিতর্কের জেরে শুরু।
ম্যাচে হারমানপ্রীত এলবিডব্লিউ হওয়ার পর ক্ষোভ প্রকাশ করে স্টাম্পে ব্যাট দিয়ে আঘাত করেন এবং আম্পায়ারিং নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন।
ম্যাচটি টাই হওয়ার পর ট্রফি নিয়ে উদযাপনের সময় হরমনপ্রীত আম্পায়ারদেরও ছবি তুলতে বলেন, যা নিয়ে দুই দলের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। তখন জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ দল মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যায়। এরপর থেকে জ্যোতি-হারমানপ্রীত যতবার টস করতে গেছেন, একটিবারও হাত মেলাননি।
এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বোর্ড জানিয়েছে, হারমানপ্রীতের সঙ্গে হাত না মেলানোর বিষয়টি সম্পূর্ণ জ্যোতির ব্যক্তিগত সিদ্ধান্ত।
এর সঙ্গে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নেই।
এমআই/টিএ