‘বাবা তার কন্যাকে পশু থেকে রক্ষা করতে মেগাটনের থাপ্পড় মারার ক্ষমতা রাখে’
ছবি: সংগৃহীত
১২:৩৪ পিএম | ২৪ অক্টোবর, ২০২৬
মেয়েকে কোনো বিপদ থেকে রক্ষা করতে বাবা প্রয়োজনে তাৎক্ষণিকভাবে কঠোর প্রতিক্রিয়া দেখাতে পারেন বলে মন্তব্য করেছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন।
এক্ষেত্রে বিচারের অপেক্ষা না করেই প্রতিক্রিয়া দেখানোর কথা উল্লেখ করে তিনি বলেছেন, এমন পরিস্থিতিতে তিনি নিজেও একই কাজ করতেন, প্রয়োজনে আরও বেশি করতেন।শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি।
তিনি লেখেন, ‘যে কোনো পিতাই তার কন্যাকে যে কোনো পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পড় বা লাথি মারার ক্ষমতা রাখে, বিচারের অপেক্ষা না করেই। এটা হিট অব দ্যা মোমেন্ট। আমি হলেও তাই করব বা আরও বেশি করব।’
নিজের বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, ‘একবার সিঙ্গাপুরে এক নির্জন রাস্তায় যাত্রী ছাউনিতে পাঁচ ছয় বছরের ছোট্ট এক মেয়ে একা বসে আছে দেখে ভাবলাম, হারিয়ে গেছে বোধহয়। অথবা কোনো বিপদে পড়েছে কিনা ভেবে তার সাথে কথা বলার জন্য এগিয়ে যেতেই পিছন থেকে সিঙ্গাপুরের সিটিজেন কাজিন আমাকে পিছন থেকে হুড়মুড় করে টেনে নিয়ে গেল। ভাই আপনি করেছেন কী!! এখানে বাচ্চা কখনোই হারাবে না। আর বিপদে পড়লে পুলিশ আছে। আপনি ছোট্ট বাচ্চার পাশে গিয়ে বসলেই বরং সন্দেহ করে পুলিশ আপনাকেই ধরে নিয়ে যাবে।’
তিনি আরও লেখেন, ‘অস্ট্রেলিয়ার সিটিজেন আমার ছোট বোনের একমাত্র বাচ্চা একেবারে শিশু অবস্থায় দেশ ছেড়ে সেখানে চলে যায়। এরপর বাচ্চার ৫/৬ বয়সে দেশে বেড়াতে আসলে আমি ভাগ্নির মাথায় আদর করে একবার চুমু দিয়েছিলাম। সে তার মাকে বলেছিল, খালু আমাকে টাচ করেছে কেন!! অথচ আদর করেছিলাম ওর মায়ের সামনেই। বিদেশে বাচ্চাদের এভাবেই শিক্ষা দেয়া হয়।’
‘এই হল বাইরের জগত। এটাই স্বাভাবিক। তাদের শিক্ষা, আইন ও সুস্থ পরিবেশ আজ তাদের উন্নতির চরম শিখরে নিয়ে গেছে।আমরা সব অপকর্ম কুকর্ম অন্যায় অনিয়িম নির্যাতন দুর্নীতি অবিচার অত্যাচার ব্যাভিচার যিনা বলাৎকার নির্দ্বিধায় করে চলেছি। কেন? কেন এত সাহস পাই? কেন কর্ম ও ধর্ম আমাদের ঠিক করতে পারছে না!!’
পোস্টে মাহবুব কবির লেখেন, ‘কারণ সমস্যা অনেক গভীরে। আরও খারাপ হবে। ধ্বংস হয়ে যাবে সব কিছু। কারণ আমরা কেউ সৎ কর্মশীল নই। আমরা জানি এই দেশের বিচার ব্যবস্থা। আমরা জানি যতই অপরাধ করি না কেন, দুইদিন পর জামিনে বের হয়ে আসব। পাঁচবার জামিনে বের হয়ে পাঁচবার খুন করলেও জামিনদারের কোনো বিচার বা শাস্তি হবে না।’
‘আমরা জানি বা আমাদের বলা হয়, আশ্বস্ত করা হয়, শুধু নামাজ পড়লেই সব কুকর্ম মাফ হয়ে যাবে। যিনা, ধর্ষণ, হত্যা, দুর্নীতি, বলাৎকার, যাই কর না কেন, নামাজ ছাড়া যাবে না। তো নামাজ মিস হয় না, কুকর্মও মিস হয় না আমার।’
তিনি লেখেন, ‘এবার বুঝে নিন, নারী শুধু ভোগের বস্তু এবং তা হালাল, সেই সেন্সের উৎপত্তি কোথা থেকে এবং কেন হয়েছে। তার মানে শুধু নামাজ পড়লে সৎ কর্মশীল হবার কোনো প্রয়োজন নেই। অথচ আল্লাহপাক সৎ কর্মশীল হবার কথা বারবার বলেছেন। নামাজ, রোজা, হজ্ব, যাকাত সৎ কর্মের একটা অংশ মাত্র। হজরত লূত (আ) এর অভিশপ্ত কওম হাসবে একদিন আমাদের দেখে। অথবা হেসেই চলেছে।’
আরআই/টিএ