© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমি দীপিকা-আলিয়ার মতো টপ স্টার নই, তাই আমার সিনেমা চলে না: রাধিকা আপ্তে

শেয়ার করুন:
আমি দীপিকা-আলিয়ার মতো টপ স্টার নই, তাই আমার সিনেমা চলে না: রাধিকা আপ্তে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩০ পিএম | ২৪ অক্টোবর, ২০২৬
‘আমি দীপিকা পাড়ুকোন বা আলিয়া ভাটের মতো টপ স্টার নই, তাই আমার সিনেমা হলে মুক্তি পেলে তা ব্যবসায়িকভাবে ব্যর্থ হতে পারে’-এমন মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। তার মতে, বর্তমানে সিনেমা হলে দর্শক টানার ক্ষেত্রে শীর্ষ তারকাদের ওপরই বেশি ভরসা করেন প্রযোজকেরা।

এ কারণে নারীকেন্দ্রিক সিনেমার বক্স অফিস সাফল্য নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তবে তার অভিনীত কোনো সিনেমার ক্ষেত্রে সেই নিশ্চয়তা নেই। সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও বক্স অফিসের বাস্তবতা নিয়ে কথা বলেন রাধিকা। বর্তমানে নিজের আসন্ন নেটফ্লিক্স সিরিজ ‘আক্কা’র প্রচারে ব্যস্ত রয়েছেন তিনি।

সাক্ষাৎকারে রাধিকা বলেন, তিনি প্রধান চরিত্রে অভিনয় করলে সিনেমাটি ভালো হলেও প্রেক্ষাগৃহে ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, দর্শককে সিনেমা হলে টানার মতো তারকাখ্যাতি তার নেই।



এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি প্রধান চরিত্রে থাকলে সিনেমাটি হলে মুক্তি পেয়ে সম্ভবত ব্যবসায়িকভাবে ব্যর্থ হবে, এমনকি সেটি সেরা সিনেমা হলেও। আমি আলিয়া ভাট বা দীপিকা পাড়ুকোনের মতো নই, যাদের সিনেমা মুক্তির সময় অন্তত ভালো উদ্বোধনী ব্যবসার আশা করা যায়। আমার সেই অবস্থান নেই।’

বক্স অফিসের এই হিসাব-নিকাশের কারণে তাকে এমন সিনেমায় কাজ করতে হয়, যেখানে পুরুষ অভিনেতারা প্রধান ভূমিকায় থাকেন বলেও জানান রাধিকা। তার মতে, বর্তমানে কোন ধরনের সিনেমা দর্শক গ্রহণ করবেন, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

বক্স অফিসে বর্তমানে সহিংসতানির্ভর সিনেমার সাফল্য নিয়েও নিজের আপত্তির কথা জানিয়েছেন রাধিকা। তার ভাষ্য, এখন যে ধরনের সিনেমা বেশি চলছে, তার মধ্যে সহিংসতা অন্যতম।

কিন্তু ব্যক্তিগতভাবে তিনি এমন সিনেমা দেখতে পছন্দ করেন না। রাধিকা বলেন, ‘আমি এর ঘোর বিরোধী। বিষয়টি আমার জন্য বেশ জটিল। আমি এ ধরনের সিনেমা দেখি না; আমার কাছে এগুলো অযৌক্তিক মনে হয়।’

সিনেমায় মারধরের দৃশ্য উপভোগ করার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অভিনেত্রীর কথায়, পর্দায় ৫০ জন নারী বা পুরুষকে মারধর করা হচ্ছে, আর দর্শক পপকর্ন খেতে খেতে তা দেখছেন- এ বিষয়টি তার বোধগম্য নয়। এ কারণেই সহিংসতানির্ভর সিনেমায় কাজ করার বিষয়ে তার অনীহা রয়েছে।

মেয়ের জন্মের পর বদলেছে অগ্রাধিকার

২০২৪ সালে স্বামী বেনেডিক্ট টেলরের সঙ্গে কন্যাসন্তানের মা হওয়ার পর নিজের অগ্রাধিকারের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে বলে জানান রাধিকা। এখন কাজের পাশাপাশি মেয়ের সঙ্গে যতটা সম্ভব সময় কাটাতে চান তিনি। একই সঙ্গে কর্মজীবনে দিনে ১২ ঘণ্টার কাজের সময়সীমা রাখাও তার অগ্রাধিকারের অংশ।

এছাড়া লেখালেখিতে মনোযোগ দেওয়ার জন্য কিছু সময়ের বিরতি নিয়েছেন এই অভিনেত্রী। তার সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে ‘লাস্ট স্টোরিজ ৩’, ‘মিসেস আন্ডারকভার’ ও ‘মনিকা, ও মাই ডার্লিং’। এসব কাজের কয়েকটি সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।

রাধিকা আপ্তেকে পরবর্তী সময়ে দেখা যাবে ‘আক্কা’ সিরিজে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন কীর্তি সুরেশ। সিরিজটি আগামী ৩০ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এসএ/টিএ

মন্তব্য করুন