© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বামীর ‘আদরে’ ভাঙল পাঁজরের ৫ হাড়, হাসপাতালে স্ত্রী

শেয়ার করুন:
স্বামীর ‘আদরে’ ভাঙল পাঁজরের ৫ হাড়, হাসপাতালে স্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৪ পিএম | ২৪ অক্টোবর, ২০২৬
শীত অনুভব করছিলেন স্ত্রী। তাকে উষ্ণতা দিতে দুই হাতে জড়িয়ে ধরেন স্বামী। কিন্তু ভালোবাসার সেই আলিঙ্গনই মুহূর্তে রূপ নেয় যন্ত্রণায়। তীব্র ব্যথায় মাটিতে বসে পড়েন স্ত্রী। পরে হাসপাতালে পরীক্ষা করে দেখা যায়, তার পাঁজরের পাঁচটি হাড় ভেঙে গেছে এবং আরও একটি হাড়ে চিড় ধরেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম মাদারশিপের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, চীনের ওই নারী স্বামী ওয়াংকে জানান, তার ঠান্ডা লাগছে। এরপর স্ত্রীকে উষ্ণতা দিতে স্বাভাবিকভাবেই তাকে আলিঙ্গন করেন ওয়াং। এ সময় হঠাৎ হাড় ভাঙার মতো শব্দ শুনতে পান তিনি। সঙ্গে সঙ্গে তীব্র ব্যথায় মাটিতে বসে পড়েন তার স্ত্রী। চেষ্টা করেও আর উঠে দাঁড়াতে পারেননি।

চীনের সংবাদমাধ্যম হুবেই জিংশি লাইভকে গত ১৯ অক্টোবর ওয়াং জানান, প্রথমে তার স্ত্রী ভেবেছিলেন, হয়তো সামান্য টান লেগেছে। তাই তীব্র ব্যথা সত্ত্বেও পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করেন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে বুকের সিটি স্ক্যান করার পর চিকিৎসকেরা দেখতে পান, ওই নারীর পাঁজরের পাঁচটি হাড় ভেঙে গেছে এবং ষষ্ঠ একটি হাড়ে সূক্ষ্ম চিড় ধরেছে। পরীক্ষার ফল জানতে পেরে হতবাক হয়ে যান স্বামী-স্ত্রী দুজনই।

চিকিৎসকেরা তাকে ওষুধ দিয়ে বাড়িতে পাঠান। অস্ত্রোপচারের প্রয়োজন নেই জানিয়ে আঘাতের স্থানে বিশেষ প্যাঁচ লাগানো এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন তারা।

চিকিৎসাকর্মীদের মতে, ওই নারীর হাড় ক্ষয় হয়ে দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়েছিল। ফলে দৈনন্দিন কাজের সময় সামান্য চাপেও হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি ছিল তার।

স্ত্রীর জীবনযাপনের অভ্যাস সম্পর্কে ওয়াং জানান, তার স্ত্রীর ওজন ছিল ৪৫ থেকে ৫০ কেজির মধ্যে। ওজন নিয়ন্ত্রণে রাখতে তিনি প্রায়ই কঠোর খাদ্যনিয়ন্ত্রণ করতেন এবং বিশেষ করে রাতের খাবার বাদ দিতেন। প্রতিদিন কফি পান করার পাশাপাশি খুব কমই বাড়ির বাইরে যেতেন তিনি। রোদ এড়াতে শরীরও পুরোপুরি ঢেকে রাখতেন।

চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় সূর্যের আলো না পেলে শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দিতে পারে। হাড় মজবুত রাখা এবং শরীরে ক্যালসিয়াম শোষণে এই ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে ভিটামিন ডি-এর অভাব হাড় দুর্বল হওয়ার অন্যতম কারণ হতে পারে।

যুক্তরাষ্ট্রের চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী, অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় এমন একটি রোগ, যাতে হাড়ের ঘনত্ব ও পুরুত্ব কমে যায়। এতে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে এবং সামান্য আঘাতেও হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী বর্তমানে বাড়িতে থেকে সুস্থ হয়ে উঠছেন। পাশাপাশি নিজের স্বাস্থ্যের যত্ন নিতে জীবনযাপনের অভ্যাসেও পরিবর্তন আনছেন তিনি। পর্যাপ্ত সূর্যের আলো পেতে বাইরে যাচ্ছেন এবং খাবারের মাধ্যমে প্রয়োজনীয় ক্যালসিয়াম গ্রহণের দিকে নজর দিচ্ছেন।

সূত্র: এনডিটিভি

এমআই/টিএ

মন্তব্য করুন