বার্সেলোনা তারকা, ‘যে এমবাপের গুণ দেখে না, সে অন্ধ’
ছবি: সংগৃহীত
০৯:১৪ এএম | ২৫ অক্টোবর, ২০২৬
এল ক্লাসিকো সামনে রেখে কিলিয়ান এমবাপের গুণগান গাইলেন বার্সেলোনার তারকা গাভি। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় বললেন তিনি। একই সঙ্গে বার্সেলোনাকে এমবাপে কতটা বিপদে ফেলতে পারেন, সেই ব্যাপারেও সতর্ক করলেন।
লা লিগার দশম রাউন্ডে ন্যু ক্যাম্পে রিয়ালকে স্বাগত জানাবে বার্সেলোনা। এর আগে স্প্যানিশ মিডফিল্ডার বললেন, ‘সবাই জানে এমবাপে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তাকে সবসময় খুব শ্রদ্ধা করি।’ তিনি যোগ করলেন, ‘সত্যি কথা বলতে আমি মনে করি যখন সে খেলে, তখন সবাই তার খেলাটা উপভোগ করে। ফুটবলের দৃষ্টিকোণ থেকে সে বিশ্বের সেরা ফুটবলারদের একজন।’
এমবাপে ৯ গোল করে শীর্ষ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। রিয়ালের আজকের ম্যাচের প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার রাফিনিয়া ১২ গোল করে প্রথমে। এই ব্যবধান বাড়ে নাকি কমে, সেটা দেখার অপেক্ষা। তবে এমবাপে যে বার্সাকে বিপদে ফেলতে পারে, সেটা অস্বীকার করেননি গাভি, ‘তাকে নিয়ে আমাদের সাবধান থাকতে হবে, কারণ যে কোনো আক্রমণে সে আপনাকে কঠিন অবস্থায় ফেলতে পারে। তাই আমাদের তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং পুরো ম্যাচ জুড়ে তার মুভমেন্ট নিয়ে সতর্ক থাকতে হবে।’
গোল করার বিপুল সংখ্যা এবং ব্যালন ডি’অর দৌড়ে এমবাপের আশা থাকা সত্ত্বেও তার শিরোপা খরা নিয়ে প্রশ্ন করা হলে স্প্যানিশ উত্তর দেন, ‘হ্যাঁ... এমবাপে অনেক গোল করে, কিন্তু শিরোপা জেতার ব্যাপারে সে ভাগ্যবান নয়। তবে এতে এই সত্যটা বদলায় না যে সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং সে তা প্রতিনিয়ত প্রমাণ করে চলেছে, আর যে এটা দেখতে চায় না সে অন্ধ, তাই না?’
তিনি বলে গেলেন, ‘এমবাপে একজন ব্যতিক্রমী ও বিপজ্জনক খেলোয়াড়। আমি মনে করি শিরোপা জেতা দলের পরিস্থিতি ও আপনার সঙ্গে যারা খেলে তাদের ওপরও নির্ভর করে। সে শিরোপা জিতছে না মানে এই নয় যে তার মৌসুমটা খারাপ গেছে।’
মাদ্রিদ ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসালেও ফুটবলের শীর্ষ ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে নিজের সতীর্থকে সমর্থন জানাচ্ছেন গাভি, ‘কিন্তু আমি আগেও যেমন বলেছি, আমি আশা করি লামিন ইয়ামাল ব্যালন ডি’অর জিতবে।’
এফআর/এসএন