তামিম ইকবালের এক ফোন কলেই বাংলাদেশে নিলামচালক চারু শর্মা
ছবি: সংগৃহীত
১০:৪৬ পিএম | ২৬ অক্টোবর, ২০২৬
ভারতের ক্রিকেটে পরিচিত মুখ ও প্রখ্যাত নিলামচালক চারু শর্মা। দীর্ঘদিন আইপিএলের নিলাম সঞ্চালনা করে বিশ্বজুড়ে খ্যাতি কুড়ানো এই ধারাভাষ্যকার ও উপস্থাপক এবার এসেছেন বাংলাদেশে। তবে কোনো আন্তর্জাতিক সিরিজ বা বিপিএল নয়, বিসিবির নতুন ঘরোয়া টুর্নামেন্ট ‘ডি থ্রি’ (D3)-এর নিলাম সঞ্চালনা করতে ঢাকায় এসেছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চারু শর্মা জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের এক ফোন কলেই তিনি সব ব্যস্ততা ফেলে চলে এসেছেন।
বাংলাদেশ সফর নিয়ে চারুরা শর্মা বলেন, “অতীতে বেশ কয়েকবার বাংলাদেশে এসেছি। তবে ঠিক মনে নেই, সম্ভবত ২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ কাভার করতে প্রথম এখানে এসেছিলাম। দারুণ উপভোগ করেছিলাম সময়টা, অনেক বন্ধুও হয়েছিল। শামীম চৌধুরীসহ আমার অনেক ভালো বন্ধু এখানে আছে। দীর্ঘ দিন পর আবারও সবার সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।”
তামিম ইকবালের সঙ্গে যোগাযোগের স্মৃতিচারণ করে চারু শর্মা আরও বলেন, “তামিম আমাকে ফোন করে বলল, ‘আমরা ডি থ্রি টুর্নামেন্ট করছি। আপনি এলে খুব ভালো হতো।’ আমি তখন কিছুটা ব্যস্ত ছিলাম, কিন্তু তাকে সাফ জানিয়ে দিয়েছিলাম—‘একদম ভেবো না, আমি চলে আসব।’ এর দুই-তিন দিনের মধ্যেই চলে এলাম। এখানে এসে মনে হচ্ছে নিজের বাড়িতেই আছি।”
ডি থ্রি টুর্নামেন্টের কনসেপ্টের প্রশংসা করে ভারতের এই অভিজ্ঞ নিলামচালক বলেন, “আমি অনেক ধরনের কাজই করি, তবে নিলাম পরিচালনা করা আমার সবচেয়ে প্রিয় কাজ। এখানে যে কনসেপ্টে নিলাম হচ্ছে, তা সত্যিই দারুণ। ক্যাটাগরি ‘এ’-এর নিলাম বেশ রোমাঞ্চকর ছিল। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে বিপিএল যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তরুণদের প্রতিভা বিকাশের জন্য ‘ডি থ্রি’ টুর্নামেন্টটি অত্যন্ত কার্যকরী একটি উদ্যোগ। এটা মাত্র শুরু হয়েছে, নিলামে এখনও অনেক নাটকীয়তা বাকি আছে।”
আরআই/টিএ