পল্টনে সিপিবির কার্যালয়ে হামলার অভিযোগ
ছবি: সংগৃহীত
০১:২০ এএম | ২৭ অক্টোবর, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে সোমবার রাতে হামলার এ অভিযোগ এনেছেন ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা। এসময় তাদের কয়েকজনকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে।
এ ঘটনায় যুব ইউনিয়নের দুজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। আহত অবস্থায় তাদের পুলিশ নিয়ে গেছে বলেও অভিযোগ তাদের। তবে হামলা ও আহত হওয়ার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
সিপিবির কার্যালয় পুরানা পল্টনের মুক্তি ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায়। একই ভবনের অষ্টম তলায় ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের কার্যালয়। সোমবার রাত ৯টার পর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটকের পর ছেড়ে দেওয়া হলে পল্টনে ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। ওই মিছিলকে কেন্দ্র করে তাদের ওপর হামলার অভিযোগ ওঠে। পরে হামলার ঘটনা সিপিবির কার্যালয় পর্যন্ত গড়ায়। কার্যালয়ের সামনে লোকজন জড়ো হয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
রাতে সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফী বলেন, হামলার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। তিনি বলেন, একটি দল কার্যালয়ে এসে হামলা চালিয়েছে। তখন পর্যন্ত তিনি এ বিষয়ে এতটুকুই জানতেন।
তবে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম হামলা ও আহত হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, সোমবার দুপুরে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করা হয়েছিল। পরে তাঁকে ছেড়ে দেওয়া হলে নেতাকর্মীরা গলায় ফুলের মালা পরিয়ে সিপিবির কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেন। এ ঘটনাকে কেন্দ্র করে কার্যালয়ের সামনে উত্তেজনা বিরাজ করছে। সেখানে পুলিশ রয়েছে। তবে কোনো হামলা বা আহত হওয়ার ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।
এর আগে সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে মীনা বাজারের সামনে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেন সংস্কৃতিকর্মীরা। সেখানে জড়ো হলে পুলিশের বাধায় তারা কর্মসূচি পালন করতে পারেননি। ওই স্থান থেকে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করে পুলিশ। পরে রাত ৯টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
আরআই/টিএ