টঙ্গীতে শিশু নির্যাতনদেশেই আছেন রুমি, চেয়েছেন আগাম জামিন : জানালেন আইনজীবী
ছবি: সংগৃহীত
০৫:৪৯ পিএম | ২৭ অক্টোবর, ২০২৬
দেশ ছাড়ার কথা জানানো টঙ্গীতে মাদরাসায় যৌন নিপীড়নের শিকার সেই শিশুর বাবা শাহজালাল রুমি দেশেই আছেন। তার বিরুদ্ধে হওয়া মারধর, হত্যাচেষ্টা ও চুরির মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন আবেদনও করেছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) তার আইনজীবী এইচ. এম রুহুল আমীন মোল্লা (হাসান) দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি সহায়তার জন্য গতকাল রাতে রুমি তার চেম্বারে অনেকক্ষণ অবস্থান করেন। তার (রুমি) বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে। তবে শুনানি কবে তা জানা যায়নি।
এর আগে গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় ৭ বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় মাদরাসার শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন ভুক্তভোগী শিশুর বাবা শাহজালাল রুমি।
পরবর্তী সময়ে অভিযুক্ত শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পরপরই শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় যৌন নিপীড়নের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
এরপর মাদরাসাটির অধ্যক্ষের পক্ষ থেকে পাল্টা একটি মামলা দায়ের করা হয়, যেখানে ভুক্তভোগী শিশুর বাবার বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরি, মারধর ও হত্যাচেষ্টা অভিযোগে আসামি করা হয়।
এই পাল্টা মামলা দায়েরের পর থেকেই মূলত আড়ালে চলে যান শাহজালাল রুমি। আর গতকাল সোমবার রাতে সাংবাদিকদের জানান, ‘আমি এই দেশে আর নেই। এগুলো নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।’
আরআই/টিএ