মানসিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় গবেষণাকে ‘বিনিয়োগ’ হিসেবে দেখা উচিত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
১১:৪৫ এএম | ২৯ অক্টোবর, ২০২৬
স্বাস্থ্যখাতে মানসিক স্বাস্থ্যের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, মানসিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় গবেষণার বরাদ্দকে কোনো ব্যয় হিসেবে না দেখে একটি বড় ‘বিনিয়োগ’ হিসেবে দেখতে হবে।
বুধবার (২৯ অক্টোবর ) সকালে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
ইনস্টিটিউটের পরিচালক ডা. সাইফুন নাহার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হুসাইন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড মুহিত তার বক্তব্যে বলেন, আধুনিক জীবনের চাপ ও সামাজিক নানা অস্থিরতার কারণে মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটছে, যা বর্তমান সমাজে নীরব মহামারীর রূপ নিয়েছে। এই সংকট উত্তরণে তিনি জাতীয়ভাবে বড় পরিসরে গবেষণার ওপর জোর দেন এবং এ জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ার কথা জানান।
তিনি আরও জানান, মানসিক স্বাস্থ্যসেবাকে শুধু রাজধানী বা বড় শহরের মধ্যে সীমাবদ্ধ না রেখে জেলা পর্যায়ে ছড়িয়ে দিতে আধুনিক প্রযুক্তি ও ইন্টারনেটের ব্যবহার বাড়ানো হবে। প্রতিটি জেলা হাসপাতালে সুরক্ষিত কাউন্সেলিং স্পেস তৈরি করে জুম বা অনলাইন প্রযুক্তির মাধ্যমে বড় ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে সাধারণ মানুষ ঘরে বসেই এই সেবা পেতে পারে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও দক্ষ জনবল বাড়াতে চিকিৎসকদের পাশাপাশি অন্যান্য পেশাজীবীদের জন্য স্বল্পমেয়াদি সার্টিফিকেট ও শর্ট কোর্স চালুর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে দেশবরেণ্য মনোরোগ বিশেষজ্ঞ, চিকিৎসক, গবেষক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কেএন/এসএন