© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৮ এএম | ৩০ অক্টোবর, ২০২৬
জাপান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদফতরের পরিচালক এয়ার কমডোর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে বিজি-৩৭৭ ফ্লাইটে এ ত্রুটি দেখা দেয়।

অফিস আদেশে বলা হয়, বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং)-কে সভাপতি করে চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং সদস্য সচিব হিসেবে আছেন ব্যবস্থাপক (আইন বিষয়ক)। কমিটিকে আগামী চার কার্যদিবসের মধ্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বরাবর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটিকে কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্ঘাটন, উড্ডয়ন উপযোগিতা নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপ পর্যালোচনা এবং এর ফলে ফ্লাইটের বিলম্ব, যাত্রীদের ভোগান্তি ও বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর সৃষ্ট প্রভাব নিরূপণ করতে বলা হয়েছে।

এছাড়া সংশ্লিষ্ট কারও দায়িত্বে অবহেলা বা প্রক্রিয়াগত ত্রুটি ছিল কি না, তা যাচাই করে দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন করতেও নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, চার দিনের সরকারি সফর শেষে গেল বৃহস্পতিবার দেশে ফিরছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীরা। বিমানটি রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় ককপিটে ‘স্পয়লার’-এর ত্রুটিসংক্রান্ত সংকেত দেখতে পান পাইলট। পরে উড্ডয়ন বাতিল করে ত্রুটি সারিয়ে নির্ধারিত সময়ের পর ঢাকার উদ্দেশে রওনা দেয় উড়োজাহাজটি।

কেএন/এসএন

মন্তব্য করুন