ময়মনসিংহে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত
০৮:৫৭ পিএম | ৩০ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কারাগারে থাকা স্বামীকে মুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুটিজানা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. হযরত আলীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবীর মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাব্বির খানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি এবং নৈতিক স্খলনজনিত কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে হযরত আলীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবীর মামুন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম খান রাজু ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এ ছাড়া বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে হযরত আলীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২০ অক্টোবর ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের এক নারীর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে হযরত আলীর বিরুদ্ধে। ওই নারীর স্বামী একটি মারামারির মামলায় কারাগারে থাকায় তাকে মুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে হযরত আলী নিয়মিত ওই বাড়িতে যাতায়াত করতেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ভুক্তভোগী নারীর দাবি, ঘটনার দিন তাকে জোর করে বিছানায় ফেলে ধর্ষণের চেষ্টা করেন হযরত আলী। এ সময় নিজের নিরাপত্তার কথা চিন্তা করে মুঠোফোনে ভিডিও চালু রেখেছিলেন তিনি। পরবর্তী সময়ে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফুলবাড়িয়া থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। তবে শুক্রবার দুপুর পর্যন্ত অভিযুক্ত হযরত আলীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান জানিয়েছিলেন, অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমআই/টিএ