এবারও সফল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, পাসের হার ৯২.৯৯%
০৪:২৩ পিএম | ৩১ অক্টোবর, ২০২৬
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় ফলাফলে সাফল্য এবারও ধরে রেখেছে। এ বছর এই কলেজ থেকে ১ হাজার ২৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে, উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ১৯৪ জন। পাসের হার ৯২ দশমিক ৯৯ শতাংশ।
কলেজ সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩৫৬ জন জিপিএ-৫ পেয়েছেন। অন্যদিকে, অকৃতকার্য হয়েছেন ৯০ জন শিক্ষার্থী। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এইটা একজনের ফলাফল খারাপ হয়েছে। তবে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশই উত্তীর্ণ হওয়ায় কলেজটির সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
কলেজের একাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা জানান, এই সাফল্যের পেছনে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। প্রতি মাসেই আমাদের পরীক্ষা নেওয়া হতো। কখনো ক্লাস পরীক্ষা, আবার কখনো বিভিন্ন বিষয়ের ওপর পরীক্ষা। কেউ খারাপ করলে তাকে কাউন্সেলিং করা হতো এবং অভিভাবকদের সাথে কথা বলতেন শিক্ষকেরা।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মো. গোলাম সোহরাব হাসান বলেন, ‘যেখানে কুমিল্লা শিক্ষা বোর্ডের পাসের হার ৪৮.০৪ শতাংশ, সেখানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পাসের হার ৯২.৯৯ শতাংশ। আমাদের শিক্ষার্থীদের এমন সাফল্যে আমি অনেক আনন্দিত। আশা করি, শিক্ষার্থীরা এই সাফল্য ধরে রাখবে।’
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঞা বলেন, ‘শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার তুলনায় এ বছর ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল অর্জন করেছে। এটি আমাদের জন্য বিরাট সাফল্য। আমরা এ সাফল্য ধরে রাখতে চাই। আশা করি ভবিষ্যতে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করবে।’
কেএন/টিএ