আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর কন্টেইনারবাহী গাড়িতে আগুন
ছবি: সংগৃহীত
০১:০৬ পিএম | ০২ নভেম্বর, ২০২৬
সাভারের আশুলিয়ায় বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষের একপর্যায়ে নরসিংহপুর এলাকায় একটি পোশাক কারখানার কন্টেইনারবাহী গাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার পর আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মুখোমুখি অবস্থানে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে শ্রমিকরা প্রথমে অনন্ত এবং পরে হামীম কারখানার সামনে জড়ো হন। বিভিন্ন দাবিতে সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
সংঘর্ষের মধ্যে বেলা ১১টা ১০ মিনিটের দিকে নরসিংহপুর এলাকার নদী ফিলিং স্টেশনের সামনে একটি পোশাক কারখানার কন্টেইনারবাহী গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এদিকে পরিস্থিতি অবনতির আশঙ্কায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের পাশের অধিকাংশ পোশাক কারখানা সোমবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।
এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেল) শোয়েব আহম্মেদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এমআই