নাটকের কাস্টিং নিয়ে ক্ষুব্ধ পারসা ইভানা!
ছবি: সংগৃহীত
০৪:৪৭ পিএম | ০৩ নভেম্বর, ২০২৬
ছোট পর্দার অভিনেত্রী পারসা ইভানা। তবে দর্শকের কাছে তিনি বেশি পরিচিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ইভা নামেই। ধারাবাহিকটির একটি মৌসুমে অভিনয় করেই ব্যাপক পরিচিতি ও দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। অভিনেত্রীর নিজের বিশ্বাস, ইভা চরিত্রটিই তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। সেই জনপ্রিয়তা নিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি দেশের নাটকের নির্মাণ ও শিল্পী নির্বাচনের নানা অসংগতি নিয়েও কথা বলছেন তিনি।
‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয়ের সিদ্ধান্তকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মনে করেন পারসা। তাঁর ভাষায়, এই ধারাবাহিকে কাজ করার পর জীবন অনেকটাই বদলে গেছে। বিভিন্ন অনুষ্ঠান কিংবা জনসমাগমে গেলে এখন তাঁকে দেখতে ভিড় করেন অসংখ্য দর্শক।
পারসা বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট করার পর লাইফ অনেকটাই বদলে গেছে। এখন কোনো ইভেন্টে গেলে হাজার হাজার মানুষ আমাকে দেখতে আসেন। যে জিনিসটা আগে আমি পাইনি, এই লেভেলে পাইনি- ওই জায়গা থেকে অবশ্যই আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে। আর্টিস্ট হিসেবে একটা অন্য রকম স্বীকৃতি আমি পেয়েছি।’

ধারাবাহিকটির মাত্র একটি মৌসুমে অভিনয় করলেও তাঁকে আবারও পর্দায় দেখতে চান দর্শকেরা। বিভিন্ন জায়গায় গেলে ভক্তরা ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফেরার অনুরোধ জানান। দর্শকের এই ভালোবাসাকে অভিনয়জীবনের বড় প্রাপ্তি হিসেবে দেখছেন পারসা।
সিনেমায় অভিনয়ের স্বপ্ন
ছোট পর্দায় পরিচিতি পেলেও বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন দেখেন পারসা ইভানা। তবে শুধু সিনেমায় নাম লেখানোর জন্য কোনো কাজ করতে চান না তিনি। এখন পর্যন্ত বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব পেলেও পছন্দমতো চিত্রনাট্য না পাওয়ায় সেগুলোতে যুক্ত হননি।
সিনেমায় অভিনয়ের আকাঙ্ক্ষা জানিয়ে পারসা বলেন, ‘সিনেমা করার ইচ্ছা কার না থাকে? নিজেকে বড় পর্দায় দেখা, সবাই মিলে প্রিমিয়ার- প্রত্যেক আর্টিস্টেরই একটা ড্রিম থাকে। হাজার হাজার মানুষ হলে গিয়ে টিকিট কেটে আমাকে দেখবেন, এটা প্রত্যেক শিল্পীরই স্বপ্ন।’
তবে তাঁর কাছে সিনেমার গল্প, চরিত্র, চিত্রনাট্য ও পরিচালকের ভাবনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে চরিত্রে নিজের অভিনয়দক্ষতা প্রকাশের সুযোগ থাকবে, তেমন কাজেই যুক্ত হতে চান তিনি।
পারসার ভাষায়, ‘আমার কাছে মনে হয়েছে, ওই স্ক্রিপ্টগুলো থেকে আমার পাওয়ার কিছু নেই। যেদিন আমার কাছে মনে হবে যে এই ক্যারেক্টারে আমি অনেক কিছু দিতে পারব, সেদিনই অভিনয় করতে চাই। ওরকম স্ক্রিপ্ট, ওরকম ডিরেক্টর, ওরকম রাইটারের সিনেমাতেই আমি অভিনয় করতে চাই।’

নাটকের কাস্টিং নিয়ে ক্ষোভ
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে দেশের নাটকের নির্মাণ ও কাস্টিং নিয়ে নিজের মতামত তুলে ধরেন পারসা। তাঁর মতে, বাংলাদেশের নাটকের গল্পে শক্তিশালী উপাদান থাকলেও নির্মাণ ও শিল্পী নির্বাচনের ক্ষেত্রে আরও পেশাদারত্ব এবং সচেতনতা প্রয়োজন।
পোস্টটির পেছনের কারণ ব্যাখ্যা করে অভিনেত্রী জানান, সম্প্রতি পাশের দেশের একটি পডকাস্টে জ্যেষ্ঠ অভিনয়শিল্পী ও লেখকদের নাটকের ভালো-মন্দ নিয়ে খোলামেলা আলোচনা করতে দেখেছেন তিনি। বাংলাদেশের নাটক নিয়েও এমন আলোচনা হওয়া উচিত বলে মনে করেন পারসা।
তিনি বলেন, ‘আমাদের দেশে যদি এ রকম কোনো পডকাস্টে কোনো নাটক নিয়ে বসা হয়, তাহলে অসংখ্য ভুল পাওয়া যাবে। অনেক বিষয় নিয়ে কথা বলা যাবে, যেগুলো সাধারণত আমাদের দেশে কেউ বলেন না। ওই জায়গা থেকেই আমি পোস্টটি করেছি।’
তবে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা তাঁর উদ্দেশ্য নয় বলে স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। বরং নাটকের নির্মাণ ও শিল্পী নির্বাচনের ক্ষেত্রে আরও সচেতনতা তৈরির তাগিদ থেকেই নিজের মতামত জানিয়েছেন তিনি। পারসার কথায়, ‘মেকিং ও কাস্টিংয়ের দিক থেকে আমাদের আরেকটু সচেতন থাকা উচিত।’
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে পারসা জানান, কখনো কোনো নির্দিষ্ট শিল্পীকে মাথায় রেখেই চরিত্র লেখা হয়। কিন্তু শুটিং শুরুর আগে প্রযোজক কিংবা অন্য কারও আপত্তিতে শেষ মুহূর্তে বদলে যায় শিল্পী নির্বাচনের সিদ্ধান্ত। এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনিও।
পারসা বলেন, ‘আমার সঙ্গেও এ রকম হয়েছে। বলা হয়েছে, আমাকেই লাগবে, চরিত্রটা আমার জন্যই লেখা। শেষ মুহূর্তে হয়তো প্রযোজক বা অন্য কেউ আমাকে নিতে চান না। কিংবা অন্য কোনো কারণে কাস্টিং পরিবর্তন হয়ে যায়। যেটা খুবই বিরক্তিকর।’
এ ধরনের চর্চা বন্ধ হলে দেশের নাটক আরও ভালো অবস্থানে পৌঁছাবে বলে মনে করেন তিনি। একই সঙ্গে নিজের কাজ ও পরিশ্রমের ওপর আস্থা রাখার কথাও জানিয়েছেন অভিনেত্রী।
পারসার বক্তব্য, ‘আমি তো আসলে কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি। কারও নামও নিইনি। তারপরও যদি কেউ পারসোনালি নিয়ে নেন, তার মানে তাদের সমস্যা আছে। আমার কাজ, আমার পরিশ্রম কোনো না কোনোভাবে আমার কাছে ফেরত আসবেই, যদি আমি এটা ডিজার্ভ করি। কে আমাকে নিয়ে কী মনে করলেন, এই পোস্টের কারণে কে আমাকে কাজে নিলেন বা নিলেন না, সেটা নিয়ে আমি ভাবছি না।’
দর্শকের ভালোবাসায় পরিচিতি পাওয়া পারসা ইভানা এখন অভিনয়ের পাশাপাশি নাটকের মানোন্নয়ন নিয়েও নিজের অবস্থান তুলে ধরছেন। বড় পর্দায় কাজ করার স্বপ্ন থাকলেও মানসম্মত গল্প ও উপযুক্ত চরিত্রের অপেক্ষায় রয়েছেন তিনি। একই সঙ্গে নির্মাণ ও কাস্টিংয়ে পেশাদারত্ব বাড়লে দেশের নাটক আরও এগিয়ে যাবে বলে আশা তাঁর।
এসএ/