ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত
০৬:৩৬ পিএম | ০৩ নভেম্বর, ২০২৬
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এতে ঢাকা-আরিচা মহাসড়কের প্রায় তিন কিলোমিটার সড়কজুড়ে যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাস স্ট্যান্ডে জড়ো হয়ে পোশাকশ্রমিকরা অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা পর তারা অবরোধ প্রত্যাহার করেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, পোশাক শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন, শ্রমিকদের কালো তালিকাভুক্তিকরণ ও শ্রমিক ছাঁটাই বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেন। অবিলম্বে ন্যূনতম বেতন বৃদ্ধিসহ তিন দফা দাবি বাস্তবায়নের প্রস্তাব জানান তারা।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল থেকেই আশুলিয়ায় বিভিন্ন স্থানে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিকরা আন্দোলনে নামেন। বিকেল ৪টার দিকে সাভারের হেমাতপুর বাস স্ট্যান্ডে কয়েকটি পোশাক কারখানার শ্রমিক জড়ো হন। পরে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন। মহাসড়কের প্রায় তিন কিলোমিটার সড়কজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের সঙ্গে কথা বলে বিকেল ৫টা ৫০ মিনিটে শ্রমিকরা সড়ক ছেড়ে যান।
সাভার হাইওয়ে থানা পুলিশের মো. আসাদুজ্জামান নূর দেশের একটি গণমাধ্যমকে জানান, পোশাকশ্রমিকরা বিভিন্ন দাবি তুলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
এমআর/