© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আদনান আল রাজীবের প্রথম সিনেমায় নিশো-মেহজাবীন

শেয়ার করুন:
আদনান আল রাজীবের প্রথম সিনেমায় নিশো-মেহজাবীন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৮ পিএম | ০৪ নভেম্বর, ২০২৬
আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী সম্পর্কে স্বামী-স্ত্রী। শোবিজে দুজনের পথচলা দীর্ঘদিনের। মেহজাবীনের সিনেমায় অভিষেক হলেও আদনান এতদিন পূর্ণদৈর্ঘ্যের আঙিনায় পা রাখেননি। কিছুদিন আগেই নিজের প্রথম সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।

এর মধ্যে গুঞ্জন উঠেছিল, আদনানের প্রথম সিনেমার নায়ক হবেন সিয়াম আহমেদ। তবে সে গুঞ্জন টেকেনি। আজ বুধবার (৪ নভেম্বর) নির্মাতা নিজেই ঘোষণা দিলেন, তার প্রথম সিনেমার নাম ‘অপলক’। আর এতে মূল চরিত্রে থাকছেন তারই স্ত্রী মেহজাবীন চৌধুরী, সঙ্গে আফরান নিশো।

নিশো-মেহজাবীন নাটকের সফলতম জুটি। একসঙ্গে বহু নাটক করেছেন তারা। জানা গেছে, ভিকি জাহেদের নির্মাণে ‘পুলসিরাত’ সিনেমায়ও একসঙ্গে অভিনয় করছেন দুজনে। এবার আদনানের সিনেমায়ও যুক্ত হলেন তারা।

চুক্তিস্বাক্ষরের ছবি পোস্ট করে আদনান বললেন, ‘আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’। এর সঙ্গে জড়িয়ে আছে পুরো টিমের অনেকখানি স্বপ্ন আর ভালোবাসা। সেই ভালোবাসার পৃথিবীতে এবার যুক্ত হলেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। আমরা একটা সৎ, সরল আর মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক ফিল্ম বানাতে চাই। যেখানে মানুষ ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন।’



‘অপলক’ নিয়ে প্রত্যাশা জানিয়ে আদনান লেখেন, ‘আশা করি, যে মায়া নিয়ে ছবিটা বানাতে যাচ্ছি, সেই মায়াটুকু আপনাদের কাছেও পৌঁছাবে।’

অন্যদিকে মেহজাবীনও ছবিগুলো পোস্ট করেছেন নিজের ফেসবুক পেজে। সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এভাবে, “আমাদের সিনেমা ‘অপলক’ অবশেষে হচ্ছে। সিনেমাটির জন্য আমি উদগ্রীব হয়ে আছি। আমাদের জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বিজ্ঞাপনচিত্র ও নাটক বানিয়েছেন আদনান আল রাজীব। বানিয়ছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। যেটা দিয়ে বিখ্যাত কান উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছিলেন; স্পেশাল মেনশন জিতে গড়েছিলেন ইতিহাস। তাই আদনানের পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়েও দর্শকের মনে রয়েছে আগ্রহ।

একেএস/টিএ

মন্তব্য করুন