আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
ছবি: সংগৃহীত
০৬:১৪ পিএম | ০৫ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
২০১৬ সালে পর্তুগালকে ইউরো চ্যাম্পিয়ন করার পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ও সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন ৪১ বছর বয়সী এই তারকা।
পর্তুগিজদের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘সময় এসেছে আমাদের জাতীয় দলের ৭ নম্বর জার্সি তুলে রাখার। জার্সিটি কখনোই একান্তভাবে আমার ছিল বলে মনে করিনি। তবে ২৩ বছর ধরে এটি পরার সুযোগ ও দায়িত্ব পাওয়াটা ছিল আমার জন্য বিশেষ সৌভাগ্যের।’

দুই দশকেরও বেশি সময় ধরে পর্তুগাল জাতীয় দলের অন্যতম প্রধান ভরসা ছিলেন রোনালদো। তার নেতৃত্বে ইউরো চ্যাম্পিয়নশিপের পাশাপাশি দুটি উয়েফা নেশনস লিগের শিরোপাও জিতেছে দলটি।
তবে বিদায়টা মধুর হলো না রোনালদোর। সম্প্রতি জাতীয় দলের কোচ হোর্হে জেসুসের সঙ্গে বিরোধে জড়ান পর্তুগিজ অধিনায়ক। নেশনস লিগের একটি ম্যাচে খেলতে অস্বীকৃতি জানিয়ে দলীয় ক্যাম্প ছেড়ে চলে যান তিনি। এ ঘটনায় তাকে ৩০ দিনের জন্য নিষিদ্ধ করা হয়। সেই শাস্তি মেনেও নেন রোনালদো।
এমআর/