© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুক্রবার চট্টগ্রাম যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শেয়ার করুন:
শুক্রবার চট্টগ্রাম যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৫ এএম | ০৬ নভেম্বর, ২০২৬
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দেশের প্রবীণ আলেমে দ্বীন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দোয়া নিতে এবং তার সভাপতিত্বে আয়োজিত দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে যোগ দিতে শুক্রবার (৫ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়িতে যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার দুপুর ১২টার দিকে বিমানযোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সড়কপথে তিনি ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসায় পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তিনি হেফাজত আমিরের দোয়া গ্রহণের পাশাপাশি মহাসম্মেলনে বক্তব্য দেবেন।

মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের দ্বিতীয় দিনে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আয়োজক ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সম্মেলনের দুই দিনই উপস্থিত থাকছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর।

বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও বাবুনগর মাদরাসার প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নাতি মাওলানা রহমত উল্লাহ বাবুনগরী। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে মাদরাসা কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, বাবুনগর মাদরাসার মহাসম্মেলনে অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন শুক্রবার ফটিকছড়িতে আসবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর মাদরাসার সম্মেলনে অংশগ্রহণ ছাড়া অন্য কোনো কর্মসূচি নেই। তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সড়কপথে বাবুনগর মাদরাসায় পৌঁছাবেন। সেখানে জুমার নামাজ আদায় শেষে মহাসম্মেলনে বক্তব্য দেবেন। মন্ত্রীদের আগমন উপলক্ষে মাদরাসা কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

এদিকে, মহাসম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ভূমি প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর এবং চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দেশবরেণ্য আলেম-ওলামাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগের দিন বৃহস্পতিবার বাদ ফজর মাদরাসা প্রাঙ্গণে শুরু হয় দুই দিনব্যাপী এ মহাসম্মেলন। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া বাবুনগরের প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট ওলামা-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নিয়েছেন।

এমআর/ 

মন্তব্য করুন