© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্ত্রী পরিচয় অস্বীকার রনির, বিয়ের কাবিননামা প্রকাশ ফারজানার

শেয়ার করুন:
স্ত্রী পরিচয় অস্বীকার রনির, বিয়ের কাবিননামা প্রকাশ ফারজানার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৬ এএম | ০৬ নভেম্বর, ২০২৬
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার আলোচনার মধ্যেই নতুন বিতর্কে জড়িয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। ফারজানা আফরোজকে স্ত্রী হিসেবে অস্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি। এর জবাবে নিজেদের বিয়ের কাবিননামা প্রকাশ করেছেন ফারজানা। দুজনের পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করে গোলাম মাওলা রনি দাবি করেন, ফারজানা আফরোজ তার স্ত্রী নন। একই পোস্টে ফারজানার অতীত ও বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক নিয়েও মন্তব্য করেন তিনি।

এর আগে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আফরোজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির একজন যুগ্ম আহ্বায়কও বিষয়টি নিশ্চিত করেন।

রনির এমন বক্তব্যের পর বৃহস্পতিবার রাতেই সংবাদমাধ্যম এশিয়া পোস্টের কাছে তাদের বিয়ের কাবিননামা প্রকাশ করেন ফারজানা আফরোজ। তার দাবি, ২০২২ সালের ১৩ মে চট্টগ্রামে পরিবারের সদস্য ও পরিচিতজনদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

ফারজানা বলেন, সত্যতা প্রমাণের জন্য এত কিছু দেখানোর প্রয়োজন নেই। গোলাম মাওলা রনি অস্বীকার করলেও বাস্তবতা বদলে যাবে না। চট্টগ্রামে গিয়ে সবার সামনে কাবিনের মাধ্যমে তাদের বিয়ে হয়েছিল। এমনকি তার শাশুড়িও ছয় থেকে সাত মাস তার সঙ্গে ছিলেন।

রনির সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে তিনি আরও বলেন, তার স্বামী একজন ভালো মানুষ। খুব কাছ থেকে তাকে দেখেছেন তিনি। তবে পারিবারিকসহ বিভিন্ন ধরনের চাপে পড়ে রনি এমন বক্তব্য দিতে বাধ্য হয়েছেন বলে মনে করেন ফারজানা।

এদিকে, ফারজানার প্রকাশ করা কাবিননামাটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে বক্তব্য জানতে গোলাম মাওলা রনির সঙ্গে একাধিকবার ফোন ও বার্তার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

আরআই/

মন্তব্য করুন