ভৌতিক সিনেমায় ভূমি পেডনেকর!
ছবি: সংগৃহীত
০৬:৪৭ পিএম | ০৬ নভেম্বর, ২০২৬
বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে ইতিমধ্যে নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। এবার একেবারেই নতুন এক জগতে পা রাখতে চলেছেন তিনি।
প্রথমবারের মতো হরর সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। ছবির নাম ‘জানি দুশমন : ডর কে আগে মত হ্যায়’। ভূষণ কুমারের টি-সিরিজ ফিল্মস ও প্রভলিন সান্ধুর অলমাইটি মোশন পিকচার্সের যৌথ প্রযোজনায় নির্মিত হবে সিনেমাটি। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ছবিটি।
সিনেমাটি পরিচালনা করছেন আরশাদ সৈয়দ। প্রযোজনার দায়িত্বে রয়েছেন রবি গ্রেওয়াল। এর আগে ‘মেড ইন ইন্ডিয়া - এ টাইটান স্টোরি’ ছবিতে একসঙ্গে কাজ করেছিল টি-সিরিজ ও অলমাইটি মোশন পিকচার্স। এবার অতিপ্রাকৃত গল্প নিয়ে আবারও জুটি বাঁধছে দুই প্রযোজনা সংস্থা।
সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে এক মা ও মেয়েকে ঘিরে। এর কেন্দ্রে রয়েছে অতিপ্রাকৃত ঘটনা ও পরিবারের নানা গোপন রহস্য। আবেগঘন পারিবারিক নাটকের সঙ্গে ভৌতিক আবহ ও অ্যাকশনের মিশেলে বড় পরিসরে ছবিটি নির্মাণের পরিকল্পনা করছেন নির্মাতারা। সিনেমাটির সৃজনশীল প্রযোজনার দায়িত্বও সামলাবেন রবি গ্রেওয়াল।

ছবির অ্যাকশন, ভৌতিক দৃশ্য ও ঝুঁকিপূর্ণ স্টান্টের দায়িত্বে থাকছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্টান্ট বিশেষজ্ঞ পিটার পেড্রেরো।
এর আগে ‘হ্যারি পটার’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’, ‘দ্য এক্সপেন্ডেবলস’, ‘গেম অব থ্রোনস’ ও ‘দ্য কনজ্যুরিং’-এর মতো আন্তর্জাতিকভাবে পরিচিত প্রযোজনায় কাজ করেছেন তিনি।অলমাইটি মোশন পিকচার্সের সঙ্গে আবারও কাজ করার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমার। তিনি বলেন, ‘অলমাইটি মোশন পিকচার আমাদের একটি মূল্যবান সৃজনশীল সহযোগী, এবং প্রভলিন ও তার দলের সাথে কাজ করাটা সবসময়ই আনন্দের।
‘মেড ইন ইন্ডিয়া – এ টাইটান স্টোরি’-র পর, ‘জানি দুশমন’-এ তাদের সাথে আবারও কাজ করতে পেরে আমরা আনন্দিত। এই ছবিতে বিভিন্ন প্রতিভার এক আকর্ষণীয় মিশ্রণ ঘটেছে, যেখানে অ্যাকশন ও স্টান্টে পিটার পেডরেরোর দক্ষতা এই প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করেছে। ভূমিকে আমাদের সঙ্গে পেয়েও আমরা আনন্দিত। আমরা দর্শকদের একটি আকর্ষণীয় প্রেক্ষাগৃহের অভিজ্ঞতা দিতে এবং হরর ঘরানাকে একটি রোমাঞ্চকর আঙ্গিকে তুলে ধরতে আশা করি।’
অন্যদিকে, অলমাইটি মোশন পিকচার্সের প্রতিষ্ঠাতা প্রভলিন সান্ধুও ছবিটি নিয়ে আশাবাদী। তার ভাষ্য, ‘ভূষণ জি এবং টি-সিরিজের সাথে কাজ করা সবসময়ই আনন্দের। আমাদের সম্পর্ক সবসময়ই বিশেষ, এবং আমরা সম্পূর্ণ ভিন্ন একটি সিনেমাটিক অভিজ্ঞতার জন্য আবারও একত্রিত হতে পেরে উত্তেজিত। ‘জানি দুশমন’ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এটি আমাকে রবি গ্রেওয়াল এবং আরশাদ সৈয়দের সাথে পুনরায় একত্রিত করছে, যাদের সাথে আমরা ভারতের অন্যতম প্রিয় প্যারানরমাল থ্রিলার সিরিজ তৈরি করেছিলাম।
ভূমি পেডনেকারের মতো একজন অসাধারণ ও শক্তিশালী অভিনেত্রীকে প্রধান চরিত্রে নিয়ে এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত স্টান্ট বিশেষজ্ঞ পিটার পেডরেরো আমাদের সঙ্গে যোগ দেওয়ায়, আমাদের লক্ষ্য হলো একটি দর্শনীয় এবং অবিস্মরণীয় থিয়েটারিক অভিজ্ঞতার মাধ্যমে ভারতীয় হররকে নতুনভাবে তুলে ধরা।’
এসএ/