গাইবান্ধায় মসজিদ কমিটির দ্বন্দ্বে সভাপতিকে হত্যা, গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত
০৮:৪৬ পিএম | ০৬ নভেম্বর, ২০২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে মসজিদ কমিটির বিরোধের জেরে একাব্বর আলী নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা মামলায় নিরাশা আকন্দকে (২৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। ঘটনার পর থেকে আসামি নিরাশা আকন্দ পলাতক ছিলেন।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার গভীর রাতে তাকে লালমনিরহাটের হাতীবান্ধা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি নিরাশা আকন্দ উপজেলার কানি চরিতাবাড়ী এলাকার মতিন আকন্দের ছেলে এবং একাব্বর হত্যা মামলার দুই নম্বর আসামি। অপরদিকে, হত্যার শিকার একাব্বর আলী চরিতাবাড়ী আকবরিয়া জামে মসজিদের মোয়াজ্জেম ও মসজিদ কমিটির সভাপতি ছিলেন।
এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাব্বর আলী চরিতাবাড়ী আকবরিয়া জামে মসজিদের মোয়াজ্জেম ও পরে মসজিদ কমিটির সভাপতি হন। সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই আসামিরা তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এসবের মধ্যেই গত ৫ জুন বেলা ১১টার দিকে একাব্বর আলী নিজ বাড়িতে একা থাকার সুযোগে আসামিরা তাকে অপহরণ করে এবং একই গ্রামের আব্দুল লতিফ আকন্দের বাড়িতে নিয়ে যান।
সেখানে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর আহত করেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাকে মৃত ভেবে একটি বাঁশঝাড়ে ফেলে রেখে যান আসামিরা। পরে তার আত্মচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গত ২ জুলাই সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এসআরবি জানায়, মামলার পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালায় এসআরবি-১৩। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা এলাকার আরাজী শেখসুন্দর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১৩-এর গাইবান্ধা ও রংপুরের যৌথ আভিযানিক দল।
নিরাশা আকন্দ সেখানে মামাশ্বশুর জয়নাল আবেদীনের বাড়িতে আত্মগোপনে ছিলেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসএ/