© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা

শেয়ার করুন:
এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৪ পিএম | ০৮ নভেম্বর, ২০২৬
সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে এবার চিত্রনায়িকা পরীমনিকে বয়কটের ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাংবাদিকরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রীর বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাইবান্ধা শহরের জেলা পুলিশ লাইনস রোডে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। সমাবেশে বক্তারা পরীমনির সাম্প্রতিক আচরণের নিন্দা জানিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

সাংবাদিকদের অভিযোগ, গত ৫ নভেম্বর ঢাকার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুর সঙ্গে দুর্ব্যবহার করেন পরীমনি। ওই সাংবাদিকের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলার পাশাপাশি তাকে গালিগালাজ এবং অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ করেন অভিনেত্রী। তবে সাংবাদিক নেতাদের দাবি, রবিউল ইসলাম শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছেন এবং তার একটি হাত অকেজো।



সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতার পরিবেশে একজন গণমাধ্যমকর্মীর সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও সম্মান রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকবেন বলেও জানান তারা।

এ সময় সাংবাদিকরা ঘোষণা দেন, পরীমনি ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ না করা পর্যন্ত তার সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ করবেন না। পাশাপাশি তাকে সার্বিকভাবে বয়কটের সিদ্ধান্ত জানান এবং প্রয়োজনে আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন।

গণউন্নয়ন কেন্দ্রের (জিইউকে) রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত একটি মিট দ্য প্রেস অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সামনে প্রায় অর্ধশত সাংবাদিক একত্রিত হয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা শেখ হাবিবুর রহমান, সিদ্দিক আলম দয়াল ও ফারুক হোসেনসহ অন্যরা।

এদিকে সাংবাদিকদের প্রতিবাদের প্রভাব পড়েছে পরীমনির অন্যান্য অনুষ্ঠানেও। চট্টগ্রামে আয়োজিত হতে যাওয়া ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’-এর অতিথি তালিকা থেকেও বাদ পড়েছেন এই অভিনেত্রী। আগামী ২৮ নভেম্বর নগরের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন জানিয়েছেন, সাংবাদিকদের প্রতিবাদ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে পরীমনিকে অতিথি তালিকা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। যদিও সাম্প্রতিক বিতর্কের আগেই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে অভিনেত্রীর সঙ্গে চুক্তি হয়েছিল। সিদ্ধান্ত পরিবর্তনের পর নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা ও ভাঙচুর মামলাকে কেন্দ্র করেও আইনি জটিলতায় রয়েছেন পরীমনি। গত বুধবার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও অ্যালার্জিজনিত অসুস্থতার কারণ দেখিয়ে তিনি উপস্থিত হননি। পরে আদালত তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর পরদিন বৃহস্পতিবার বিপুলসংখ্যক দেহরক্ষী নিয়ে আদালতে আত্মসমর্পণ করতে যান তিনি।

উল্লেখ্য, আদালতকেন্দ্রিক বিতর্কে পরীমনির জড়িয়ে পড়ার ঘটনা এবারই প্রথম নয়। ২০২১ সালে মাদক মামলায় কারামুক্তির সময় প্রিজনভ্যান থেকে বেরিয়ে হাতের তালুতে ‘ডোন্ট লাভ মি বিচ’ লিখে প্রদর্শন করেছিলেন তিনি। সে সময় ক্যামেরার সামনে তার কিছু অঙ্গভঙ্গি নিয়েও ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। একই মামলার রিমান্ড শুনানিতে কাঠগড়ায় দাঁড়িয়ে চিৎকার ও পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশের ঘটনাও সংবাদমাধ্যমে উঠে এসেছিল।


এসএ/

মন্তব্য করুন