বরগুনায় পার্কিং করা বিআরটিসি বাসে আগুন
ছবি: সংগৃহীত
১০:১৭ এএম | ০৯ নভেম্বর, ২০২৬
বরগুনা পৌরশহরের পুলিশ লাইন এলাকায় পার্কিং করে রাখা একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাসটি বরগুনা-খুলনা রুটে চলাচল করত। প্রতিদিনের মতো বাসটি বরগুনা পৌরশহরের পুলিশ লাইনের সামনের একটি সড়কে পার্কিং করে রাখা হয়েছিল। পরে মধ্যরাতে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
এ সময় পুলিশ লাইন্সের সদস্যরা বাসে আগুন জ্বলতে দেখে পানি দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, মধ্যরাতে পার্কিং করে রাখা একটি বিআরটিসি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
এমআই/