© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভিবাসনবিরোধী কঠোর অভিযানই মধ্যবর্তী নির্বাচনে হারিয়েছে রিপাবলিকানদের: ট্রাম্প

শেয়ার করুন:
অভিবাসনবিরোধী কঠোর অভিযানই মধ্যবর্তী নির্বাচনে হারিয়েছে রিপাবলিকানদের: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৮ পিএম | ০৯ নভেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তার প্রশাসনের অভিযান ‘অতিরিক্ত কঠোর’ ছিল। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের বিপর্যয়ের পর অভিবাসননীতির অন্যতম প্রধান অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিয়ে এ মন্তব্য করলেন তিনি। 

রাজনৈতিক কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে পরিচিত কঠোর অভিবাসননীতির বিষয়ে এটিই ট্রাম্পের সবচেয়ে স্পষ্ট প্রকাশ্য নমনীয় অবস্থানগুলোর একটি।

সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের ঘটনা ব্যাপকভাবে কমিয়ে আনার জন্য তিনি নিজেকে ‘এ প্লাস’ নম্বর দেবেন। তবে ব্যাপকভাবে অভিবাসীদের বহিষ্কারের কারণে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্তও হয়েছেন বলে স্বীকার করেন তিনি।

ট্রাম্পের এই স্বীকারোক্তি এমন সময়ে এল, যখন তার প্রশাসনের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) অভিবাসনবিরোধী অভিযান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না। বিভাগটির পক্ষ থেকে বরং জানানো হয়েছে, অবৈধ অভিবাসীদের গ্রেফতার ও বহিষ্কারের কার্যক্রম অব্যাহত থাকবে।

মধ্যবর্তী নির্বাচনের দিন পরিচালিত জনমত জরিপে দেখা যায়, ভোটারদের কাছে অভিবাসন ছিল তৃতীয় গুরুত্বপূর্ণ ইস্যু। এর আগে ছিল অর্থনীতি ও গণতন্ত্রের অবস্থা। ঐতিহাসিকভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাসের মতো অঙ্গরাজ্যেও লাতিনো ভোটারদের একটি অংশ ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকেছেন। কংগ্রেসে ডেমোক্র্যাটদের বড় ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে এই ভোটের পরিবর্তন ভূমিকা রেখেছে।

‘৬০ মিনিটস’-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে অভিবাসন ইস্যু তার দলের রিপাবলিকানদের জন্য একই সঙ্গে সুবিধা ও অসুবিধা তৈরি করেছে। অনুষ্ঠানে তিনি বলেন, ‘সীমান্ত বন্ধ করার জন্য আমি নিজেকে 'এ প্লাস' দেব।’

অবৈধ অভিবাসীদের বহিষ্কারের বিষয়ে ট্রাম্প বলেন, ‘খারাপ লোকদের বের করে দেওয়ার জন্য আমি খুব ভালো নম্বর পাব। কিন্তু এতে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। কারণ, আমরা এমন লোকদেরও বের করে দিয়েছি, যাদের ভালো চাকরি ছিল, যারা কাজ করছিলেন; অথচ তাদের অপরাধ ছিল একটিই, তারা অবৈধভাবে দেশে প্রবেশ করেছিলেন।’

এরপরই তিনি বলেন, ‘আমার মনে হয়, এটি অতিরিক্ত কঠোর ছিল।’ কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের সঙ্গে অভিবাসন ইস্যুতে সমঝোতার আগ্রহও প্রকাশ করেছেন ট্রাম্প।  তিনি বলেন, অভিবাসন নিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে ‘কিছু একটা করতে’ পারলে তিনি খুশি হবেন। তবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব বা পরিকল্পনার কথা জানাননি তিনি।

এসএ/


মন্তব্য করুন