এই জীবনে কেউ আমাদের আলাদা করতে পারবে না: সুনীতা
ছবি: সংগৃহীত
০৯:১৩ পিএম | ০৯ নভেম্বর, ২০২৬
বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না। কখনো বিচ্ছেদের গুঞ্জন, কখনো বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, আবার কখনো একসঙ্গে থাকার দৃঢ় প্রত্যয়। তাদের সম্পর্ক ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। তবে এত বিতর্ক ও মান-অভিমানের পরও স্বামীর সঙ্গে সম্পর্ক ভেঙে দিতে চান না সুনীতা। বরং প্রায় চার দশকের দাম্পত্য জীবনের সুখ আবারও ফিরে পাওয়ার আশায় রয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন সুনীতা। পরিবার আবারও এক ছাদের নিচে সুখে-শান্তিতে ফিরতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সেই সম্ভাবনা এখনো রয়েছে। সময় হয়তো তাদের অনুকূলে নেই, তবে এত বছরের সম্পর্ক এত সহজে শেষ হয়ে যাওয়ার নয়।
সুনীতা জানান, তাদের বিয়ের বয়স প্রায় ৪০ বছর। এত দীর্ঘ সময়ের সম্পর্ক কেন টিকে থাকবে না? বর্তমানে গোবিন্দ নিজের মতো কাজ করছেন, আর তিনি ব্যস্ত রয়েছেন নিজের পেশা নিয়ে। তবে তাদের আলাদা করার ক্ষমতা কারও নেই বলেই বিশ্বাস করেন তিনি। বাকি সবকিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছেন অভিনেতার স্ত্রী।

অবশ্য গোবিন্দের সঙ্গে সম্পর্কের টানাপড়েন নিয়ে এর আগেও একাধিকবার প্রকাশ্যে কথা বলেছেন সুনীতা। অভিনেতার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তোলার পাশাপাশি সহ-অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারকে ঘিরেও নানা সময়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরেই এমন নানা ঘটনা নিয়ে আলোচনা চলছে।
কিছুদিন আগে এক অনুষ্ঠানে নিজের দাম্পত্য জীবনের তিক্ত অভিজ্ঞতার কথাও তুলে ধরেছিলেন সুনীতা। তার দাবি, বিয়ের শুরু থেকেই বিশ্বাসভঙ্গের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। তবে এখন আর অতীতের এসব ঘটনা নিয়ে মানসিক চাপ নিতে চান না তিনি। অতিরিক্ত চিন্তা শরীরের ওপরও প্রভাব ফেলতে পারে বলে মনে করেন সুনীতা। বর্তমানে সন্তানদের নিয়েই বেশি ভাবতে চান তিনি।
অন্যদিকে, দাম্পত্য জীবনের কঠিন সময়ের কথা স্বীকার করেছেন গোবিন্দও। অভিনেতার ভাষ্য, ঈশ্বরই তাদের জীবনে কঠিন পরিস্থিতি তৈরি করেছিলেন। তবে তারা সেই প্রতিকূল সময় পেরিয়ে এসেছেন। ভবিষ্যতে যেন আর এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে প্রার্থনাও করেছেন তিনি। পাশাপাশি সুনীতার প্রতি নিজের ভালোবাসার কথাও জানিয়েছেন এই অভিনেতা।
উল্লেখ্য, ১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন গোবিন্দ ও সুনীতা আহুজা। তাদের সংসারে রয়েছে ছেলে যশবর্ধন ও মেয়ে টিনা।
সূত্র: আনন্দবাজার
এসএ/