জেমসকে গান থেকে শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি: ছাত্রদল সভাপতি
ছবি: সংগৃহীত
১১:৪৪ পিএম | ০৯ নভেম্বর, ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয় ‘কনসার্ট ফর সলিডারিটি’। ওই কনসার্টে নগরবাউল জেমস তার জনপ্রিয় ‘আমার সোনার বাংলা’ গানটি পরিবেশন করেন। গানটির কিছু অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হলে এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তিনি বলেছেন, গত ১৫ বছর সংগীতশিল্পী জেমসকে ‘আমার সোনার বাংলা’ গান পরিবেশনের সময় বারবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বাদ দিতে বাধ্য করত ছাত্রলীগ। তবে এবারের কনসার্টে গানটি পরিবেশনের সময় শেখ মুজিবুর রহমানের অংশ বাদ দিতে জেমসকে বাধ্য করা হয়নি।
রাকিব বলেন, ‘কারণ, শেখ মুজিবের যেটুকু অবদান রয়েছে, সেটুকুকে আমরা কখনো অস্বীকার করি না।’
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ‘কনসার্ট ফর সলিডারিটি’ অনুষ্ঠিত হয়।
এদিকে, গানটির লিরিকস- ‘তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন...’- নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বিষয়টি নিয়ে কথা বলেন ছাত্রদল সভাপতি রাকিব।
কেন্দ্রীয় ছাত্রদল আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
সভায় সভাপতির বক্তব্যে রাকিব আরও বলেন, গত ১৫ বছর ৭ নভেম্বর উদ্যাপন করতে পারেননি। তবে এবার পুরো জাতিকে স্বতঃস্ফূর্তভাবে ঐতিহাসিক দিনটি উদ্যাপন করতে দেখা গেছে।
তিনি বলেন, ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিল।
আরআই/