© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল আরোহীর কাছে মিলল ৫ ককটেল, আটক ১

শেয়ার করুন:
যাত্রাবাড়ীতে মোটরসাইকেল আরোহীর কাছে মিলল ৫ ককটেল, আটক ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৪ পিএম | ০৯ নভেম্বর, ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ীতে পাঁচটি ককটেলসহ মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তার সঙ্গে থাকা পলাশ (৪৫) নামে আরও একজন পালিয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে জনপদ মোড় ফ্লাইওভারের প্রবেশমুখে পুলিশের চেকপোস্টে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ সোমবার রাত সোয়া ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মো. এমরান হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেলে দুই আরোহী সেখানে এলে থামার সংকেত দেওয়া হয়।

কিন্তু তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ি ও এসআরইউ সদস্যদের সহযোগিতায় সাইফুল ইসলামকে আটক করা হয়। এ সময় অপর আরোহী পালিয়ে যান।

আটকের পর সাইফুলের হাতে থাকা একটি বাজারের ব্যাগে ধানের তুষ দেখতে পান পুলিশ সদস্যরা। পরে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ব্যাগটি পরীক্ষা করে পাঁচটি ককটেল উদ্ধার করেন।

গ্রেপ্তার সাইফুলের বাবার নাম মৃত মোহাম্মদ খলিলুর রহমান। তার গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানার ঝলম গ্রামের ১ নম্বর এলাকায়। বর্তমানে তিনি রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ ফার্স্ট লেনের বাস করেন।

পুলিশ জানায়, পলাতক পলাশের বয়স আনুমানিক ৪৫ বছর। তার বাড়ি মানিকগঞ্জে। তবে তার বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একেএস

মন্তব্য করুন