শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা ছাড়া বিকল্প কিছু নেই : চিফ প্রসিকিউটর
ছবি: সংগৃহীত
০২:১৪ পিএম | ১০ নভেম্বর, ২০২৬
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকরের বাইরে বিকল্প আর কোনো কিছু নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আইনের ব্যাখ্যা দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর ২১ ধারার ৩ উপধারা অনুযায়ী রায় প্রকাশের ৩০ দিন পার হলে আর কোনো আপিল করা যাবে না। আইনের এই বিধান বাধ্যতামূলক। নিজের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম এড়িয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে আসেননি। রায় প্রকাশের পরও নির্ধারিত সময়ের মধ্যে আপিল করেননি। অতএব এ আইনে তার আপিল করার আর কোনো সুযোগ নেই। এমনকি আপিল বিভাগে আপিল গ্রহণ না হলে, সংবিধানের ১০৪ অনুচ্ছেদের অধীনেও কোনো আবেদন করার সুযোগ থাকবে না। ফলে শেখ হাসিনার বর্তমানে রায় কার্যকর হওয়া ছাড়া আর কোনো বিকল্প কিছু নেই।
মৃত্যুদণ্ড কার্যকরের আগে শুনানির প্রয়োজনীয়তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্যের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক তিনজন। তাদের প্রত্যেকের যোগ্যতা হাইকোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতাসম্পন্ন অথবা তারা হাইকোর্টের বিচারপতি। সাধারণ হত্যা মামলায় দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ মৃত্যুদণ্ডের রায় দিলে তা কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়। এক্ষেত্রে হাইকোর্টের দুই বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়টি অনুমোদন করেন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে এ ধরনের অনুমোদনের বিধান নেই। কারণ এই ট্রাইব্যুনাল হাইকোর্টের সমমর্যাদাসম্পন্ন। এখানে তিন বিচারপতির সমন্বয়ে বিচারিক বেঞ্চ গঠিত হয়।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল হয় না। সরাসরি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে হয়। এ কারণে মৃত্যুদণ্ডের রায় কার্যকরের ক্ষেত্রে সাধারণ মামলার বিধান দিয়ে বিচার করা ঠিক হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন একটি বিশেষ আইন। এক্ষেত্রে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয়। অর্থাৎ লিমিটেশন অ্যাক্টের ২৯ ধারার ২ উপধারায় বিশেষ আইনের ক্ষেত্রে ওই আইনের নিজস্ব বিধান অনুসরণের কথা বলা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশে আসার সদিচ্ছা থাকলে তিনি মামলা মোকাবিলা করতেন। রায় প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে বাংলাদেশে এসে আপিল করতেন। তবে শেখ হাসিনা যদি ফিরতে চান, তাহলে ভারত সরকারকেই লিখিতভাবে বলতে হবে। কিন্তু এমন কিছু বলেছেন বলে আমাদের জানা নেই। এছাড়া আইনগত কী সুযোগ পাবেন কি পাবেন না, কী প্রক্রিয়ায় তিনি আইনগত সুযোগ নেবেন কি নেবেন না, যদি বাংলাদেশে তাকে পাওয়া যায় তখন সেটি ফয়সালা হবে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদের আপিলের প্রসঙ্গ উঠলে আমিনুল ইসলাম বলেন, তার বিষয়টি আলাদা। তিনি নির্ধারিত সময়ের বাইরে আপিল করেছিলেন। সে আপিল আইন অনুযায়ী গ্রহণযোগ্য নয়। তবে বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এ বিষয়ে এর বেশি কিছু বলতে চাই না।
এমআর/