© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সীমান্ত হয়ে দেশে ঢুকে সাবেক এমপির ‘গোপন সভা’, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা আটক

শেয়ার করুন:
সীমান্ত হয়ে দেশে ঢুকে সাবেক এমপির ‘গোপন সভা’, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৪ পিএম | ১০ নভেম্বর, ২০২৬
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তারা মিয়াকে দেখা গেছে। মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে আটক করে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্প্রতি ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দলীয় ‘গোপন সভার’ করার অভিযোগ ওঠে সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের বিরুদ্ধে। সোমবার (০৯ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই সভার একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে সুনামগঞ্জ-১ আসনের (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে তাকে সভায় বক্তব্য দিতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, সভাস্থলে শামিয়ানা টানানো হয়েছে। সামনে একটি টেবিল এবং পেছনে ব্যানার রয়েছে। ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা’। আয়োজক হিসেবে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে।

ওই ভিডিওতে জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক এবং তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে ব্যানার ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ৫ মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিওতে রনজিত সরকারকে ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতেও দেখা গেছে।

এদিকে রনজিত সরকারের সীমান্ত দিয়ে দেশে প্রবেশের অভিযোগ নাকচ করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন। তিনি বলেন, রনজিত সরকারের সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সুযোগ নেই। তার ধারণা, সিলেট সীমান্তের কোনো স্থানে লোকজন জড়ো করে সভাটি করা হয়েছে।

অন্যদিকে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক দাবি করেছেন, সভাটি সিলেট সীমান্তে হয়নি; বরং সুনামগঞ্জের সীমান্ত এলাকার কোনো স্থানে অনুষ্ঠিত হয়েছে।

তবে সুনামগঞ্জ ২৮-বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির জানিয়েছেন, তাদের অনুসন্ধানে ওই সীমান্ত এলাকায় এমন কোনো সভা হওয়ার তথ্য পাওয়া যায়নি।

আরআই/

মন্তব্য করুন