‘আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি’ সাড়ে চার বছর পর দুদকের চাকরিতে ফিরলেন শরীফ
ছবি: সংগৃহীত
০৯:৪৬ পিএম | ১০ নভেম্বর, ২০২৬
চাকরি থেকে অপসারণের সাড়ে চার বছর পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) পুনরায় যোগ দিয়েছেন মো. শরীফ উদ্দিন। জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহালের আদেশ পাওয়ার পর মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যোগদান করেন তিনি। এ সময় নিজের প্রতিক্রিয়ায় শরীফ বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি।’
চাকরিতে ফেরার সুযোগ করে দেওয়ায় কমিশন ও রাষ্ট্রের নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শরীফ। পাশাপাশি আদালত, গণমাধ্যম, দুদকের কর্মকর্তা-কর্মচারী এবং দুঃসময়ে তার পাশে থাকা সবার প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমার জন্য দোয়া করবেন।’
দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপনে শরীফের অপসারণের আগের আদেশ প্রত্যাহার করে তাকে পুনর্বহালের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বিধি অনুসারে তিনি আগের জ্যেষ্ঠতা এবং বকেয়া বেতন-ভাতাসহ সব প্রাপ্য সুবিধা পাবেন।
এর আগে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক পদ থেকে শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়েছিল। তবে চাকরিচ্যুতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি একই বছরের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন। কারণ দর্শানোর সুযোগ না দিয়ে কর্মচারী বিধিমালার ৫৪(২) বিধি প্রয়োগ করে তাকে অপসারণ করা হয়েছিল বলে রিটে উল্লেখ করা হয়।
মামলার প্রাথমিক শুনানি শেষে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেন। চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৯ জুলাই দেওয়া রায়ে আদালত শরীফের অপসারণের আদেশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ও শুরু থেকেই বাতিল ঘোষণা করেন। একই সঙ্গে জ্যেষ্ঠতা ও বকেয়া সুযোগ-সুবিধাসহ তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছিল।
তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত বছর আপিলের অনুমতি চেয়ে লিভ টু আপিল করে দুদক। পরে সংস্থাটি সেই আবেদন প্রত্যাহারের উদ্যোগ নেয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত আবেদন প্রত্যাহারের অনুমতি দিয়ে আদেশ দেন। এতে শরীফ উদ্দিনের জ্যেষ্ঠতাসহ চাকরিতে ফেরার ক্ষেত্রে আইনি বাধা দূর হয়।
চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন শরীফ। ২০২১ সালের ১৬ জুন তাকে পটুয়াখালীতে বদলি করা হয়। দায়িত্ব পালনের সময় প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলে তিনি থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন।
তার চাকরিচ্যুতির ঘটনা সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর প্রতিবাদে দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধনও হয়েছিল।
এমআই/